© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিশেষ কমিটিতে অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ

শেয়ার করুন:
বিশেষ কমিটিতে অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৪০ পিএম | ১৫ মার্চ, ২০২৬
অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের শাসনামলে জারি করা মোট ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের জন্য সংসদের বিশেষ কমিটিতে পাঠানো হয়েছে।

রোববার (১৫ মার্চ) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হলে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান অধ্যাদেশগুলো বিশেষ কমিটিতে পাঠানোর প্রস্তাব করেন। পরে তা কণ্ঠভোটে পাস হয়।

সংসদ কার্যকর না থাকায় সংবিধানের ৯৩ (১) অনুচ্ছেদের অধীনে এই অধ্যাদেশগুলো জারি করা হয়েছিলো। আইন অনুযায়ী, নতুন সংসদের প্রথম অধিবেশন শুরুর ৩০ দিনের মধ্যে এসব অধ্যাদেশ পাস হতে হয়, অন্যথায় এগুলোর আইনি বৈধতা থাকে না। সেই বাধ্যবাধকতা থেকেই গত ১৩ মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম দিনে আইনমন্ত্রী এগুলো উত্থাপন করেন।

অধ্যাদেশগুলো পুঙ্খানুপুঙ্খ যাচাইয়ের জন্য বরিশাল-৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদিনের নেতৃত্বে ১৪ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী দুই এপ্রিলের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বিশেষ কমিটিতে পাঠানো ১৩৩টি অধ্যাদেশের মধ্যে উল্লেখযোগ্য হলো- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (সংশোধন) অধ্যাদেশ, জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবার ও যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, সাইবার সুরক্ষা অধ্যাদেশ, গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ এবং গণভোট অধ্যাদেশ। এছাড়া স্থানীয় সরকার (সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও জেলা পরিষদ) সংশোধন সংক্রান্ত বেশ কিছু অধ্যাদেশও রয়েছে।

তালিকায় আরও আছে- বাংলাদেশ ব্যাংক (সংশোধন) অধ্যাদেশ, সরকারি চাকরিতে নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ অধ্যাদেশ, বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) রহিতকরণ অধ্যাদেশ এবং একাধিক বিশেষায়িত বিশ্ববিদ্যালয় ও উন্নয়ন কর্তৃপক্ষ সংক্রান্ত আইন।

এসকে/টিকে

মন্তব্য করুন