© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পরিচ্ছন্ন, সবুজ ও যানজটমুক্ত রংপুর নগরী গড়তে চাই: ডন

শেয়ার করুন:
পরিচ্ছন্ন, সবুজ ও যানজটমুক্ত রংপুর নগরী গড়তে চাই: ডন

ছবি: সংগৃহীত

রাজীব ইসলাম, মোবাইল জার্নালিস্ট
০৪:৪৬ পিএম | ১৫ মার্চ, ২০২৬
রংপুর নগরীকে পরিচ্ছন্ন, সবুজ ও যানজটমুক্ত একটি আধুনিক নগরীতে রূপান্তর করতে চান বলে জানিয়েছেন রংপুর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন। নগরবাসীর সার্বিক সহযোগিতা পেলে এ লক্ষ্য বাস্তবায়ন সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

আজ দুপুর ১টায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন বলেন, “পরিচ্ছন্ন, সবুজ ও যানজটমুক্ত একটি রংপুর নগরী গড়ে তুলতে চাই। এটি বাস্তবায়ন করা সহজ নয়, তবে নগরবাসীর সহযোগিতা পেলে আমরা অবশ্যই সফল হতে পারব।”

তিনি বলেন, নগরবাসীর কল্যাণে কাজ করা একটি বড় দায়িত্ব ও চ্যালেঞ্জ। এই দায়িত্ব সঠিকভাবে পালন করতে সবার সহযোগিতা প্রয়োজন। সবার সম্মিলিত প্রচেষ্টায় রংপুরকে একটি আধুনিক ও সুন্দর নগরীতে পরিণত করা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।

ডন আরও বলেন, রংপুর নগরীর উন্নয়নে পরিচ্ছন্নতা, সবুজায়ন এবং যানজট নিরসনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। পরিকল্পিত উদ্যোগ ও সমন্বিত কার্যক্রমের মাধ্যমে নগরবাসীর জন্য একটি নিরাপদ, আরামদায়ক ও আধুনিক নগর পরিবেশ গড়ে তোলাই তার লক্ষ্য।

তিনি এ সময় রংপুরবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল। তাই আশা করা যায়, খুব শিগগিরই একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নগরবাসী তাদের পছন্দের মেয়র নির্বাচন করার সুযোগ পাবেন।

রংপুর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই নগরীর সার্বিক উন্নয়ন ও নাগরিক সেবার মান বাড়ানোর বিষয়ে বিভিন্ন পরিকল্পনা গ্রহণের কথা জানান তিনি।

নগরীর সমস্যা চিহ্নিত করে ধাপে ধাপে সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন।

এসএন 

মন্তব্য করুন