অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ বিশেষ কমিটিতে পাঠালো সংসদ
ছবি: সংগৃহীত
০৪:৫৭ পিএম | ১৫ মার্চ, ২০২৬
অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশ অধিকতর যাচাই-বাছাই ও পর্যালোচনার জন্য বিশেষ সংসদীয় কমিটিতে পাঠিয়েছে জাতীয় সংসদ।
রোববার (১৫ মার্চ) সংসদ অধিবেশনে এই অধ্যাদেশগুলো পর্যালোচনার জন্য পাঠানো হয়।
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সংসদে এই প্রস্তাবটি উত্থাপন করেন। তিনি জানান, অধ্যাদেশগুলো এরইমধ্যে সংসদে উপস্থাপিত হয়েছে এবং এখন এগুলোর বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন।
আইনমন্ত্রী বলেন, চলতি সংসদ অধিবেশনের প্রথম বৈঠকেই একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছিল। আমি প্রস্তাব করছি যে, এই ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও পর্যালোচনার জন্য ওই কমিটির কাছে পাঠানো হোক। তিনি আরও অনুরোধ করেন, যাচাই-বাছাই প্রক্রিয়া শেষ করে আগামী ২ এপ্রিলের মধ্যে কমিটিকে তাদের প্রতিবেদন জমা দেওয়ার জন্য যেন নির্দেশনা দেওয়া হয়।
পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ প্রস্তাবটি কণ্ঠভোটে দিলে তা সর্বসম্মতিক্রমে পাস হয়। এর মাধ্যমেই ১৩৩টি অধ্যাদেশ আনুষ্ঠানিকভাবে বিশেষ কমিটিতে পাঠানো হলো। সংসদীয় এই কমিটিকে প্রতিটি অধ্যাদেশ পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে আগামী ২ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
এসএন