© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে আজ দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

শেয়ার করুন:
খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে আজ দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:১৪ এএম | ১৬ মার্চ, ২০২৬
খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে আজ দিনাজপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর আগামীকাল ঢাকার বাইরে প্রথম সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনাজপুরের কাহারোল উপজেলা থেকে দেশের ৫৩টি খালের খনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি।

এদিকে, প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে দলীয় নেতা-কর্মীসহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। ইতোমধ্যে সফর উপলক্ষে জেলায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা।

রবিবার (১৫ মার্চ) প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রধানমন্ত্রী আগামীকাল সকালে রাজধানী থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন। সেখানে থেকে সড়কপথে তিনি দিনাজপুরের দিকে রওনা হবেন।

এর আগে সর্বশেষ গত ৭ ফেব্রুয়ারি দিনাজপুরের বিরামপুর উপজেলায় একটি নির্বাচনী জনসভায় অংশ নিয়েছিলেন তারেক রহমান। এছাড়া, ২০০৫ সালে খানসামা ও বীরগঞ্জ উপজেলাকে সংযোগকারী ‘জিয়া সেতু’ উদ্বোধনের জন্যও তিনি দিনাজপুর সফর করেছিলেন।

জানা যায়, কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া নামকস্থানে ১২ কিলোমিটার খাল পুনঃখনন কাজের মাধ্যমে একযোগে দেশব্যাপী ৫৩টি খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। পরে সেখানে সমাবেশে বক্তব্য রাখবেন। বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে খাল পুনঃখনন কর্মসূচি বাস্তবায়নের কাজ হাতে নেওয়া হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে খনন করা অনেক খাল এখন ভরাট অবস্থায় রয়েছে। এসব খাল পুনঃখননের মাধ্যমে সেচব্যবস্থা উন্নয়ন, মাছ চাষ, হাঁস পালনসহ খালনির্ভর অর্থনীতি শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে প্রধানমন্ত্রীর ঢাকার বাইরে প্রথম সফরের দিনক্ষণ ছিল গত ১০ মার্চ। ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করতে বগুড়ায় যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের। কিন্তু উপনির্বাচনের বিধিনিষেধের কারণে নির্বাচন কমিশনের অনুরোধে ওই সফর স্থগিত করেন তিনি।

এসএস/টিএ

মন্তব্য করুন