© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অপ্রতীম হত্যায় ভিক্টোরিয়া কলেজে ক্লাস-পরীক্ষা বর্জন

শেয়ার করুন:
অপ্রতীম হত্যায় ভিক্টোরিয়া কলেজে ক্লাস-পরীক্ষা বর্জন

ছবি: সংগৃহীত

মোবাইল জার্নালিস্ট
১২:৩৭ এএম | ২০ সেপ্টেম্বর, ২০২৬
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে হত্যার প্রতিবাদে আগামীকাল কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সব ধরনের ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে এক বিবৃতিতে শিক্ষার্থীরা এ কর্মসূচি ঘোষণা করেন। বিবৃতিতে বলা হয়, অপ্রতীমকে অপহরণ ও হত্যার ঘটনায় তারা গভীরভাবে মর্মাহত ও ক্ষুব্ধ। ঘটনার প্রতিবাদ এবং সুষ্ঠু বিচারের দাবিতে আগামীকাল উদ্ভিদবিজ্ঞান বিভাগের সব ব্যাচের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করবেন।

একই সাথে কুমিল্লার আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঘোষিত কর্মসূচিতে অংশ নেওয়ার কথাও জানিয়েছেন তারা।

কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, আগামীকাল অপ্রতীমের জানাজা শেষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে ঘোষিত আন্দোলন কর্মসূচিতে অংশ নেবেন তারা। সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অপ্রতীমের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

উদ্ভিদবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাজমুল হাসান বলেন, ‘সুষ্ঠু বিচারের দাবিতেই মূলত আমরা সব ব্যাচের শিক্ষার্থীরা ক্লাস বর্জনের সিদ্ধান্ত নিয়েছি। অপ্রতীমের সঙ্গে যে অন্যায় হয়েছে, তার সুষ্ঠু ও ন্যায়সংগত বিচার নিশ্চিত করা হোক, এটাই আমাদের দাবি। বিভাগের শিক্ষার্থীদের সবাই এ সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছেন।’

এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, ‘এ বিষয়ে আমাকে শিক্ষার্থীরা কিছু জানায়নি।’

উল্লেখ্য, ১৬ সেপ্টেম্বর শুক্রবার মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বেরিয়েছিল অপ্রতিম। এরপর আর বাড়ি ফেরেনি সে। শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন লালমাই পাহাড়ের সানন্দা এলাকার জঙ্গল থেকে প্রতিমের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় সারা দেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

এমআই/টিএ


মন্তব্য করুন