নারায়ণগঞ্জে দুই পুলিশকে মারধর, আটক ২
ছবি: সংগৃহীত
০২:৫৫ এএম | ১৬ মার্চ, ২০২৬
নারায়ণগঞ্জ শহরে দুই পুলিশ সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে। রবিবার (১৫ মার্চ) বিকালে শহরের উকিলপাড়া রেললাইন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাতে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়।
মারধরের শিকার দুজন হলেন- নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান ও কনস্টেবল আরিফুল ইসলাম। আটককৃত দুজন হলেন- অনিক (২৮) ও মিস্টার (২৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকাল সাড়ে ৫টার দিকে শহরের উকিলপাড়া রেললাইনের পাশে টহলরত অবস্থায় নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মিজানুর রহমান ও কনস্টেবল আরিফুল ইসলাম মাদক বিক্রি ও সেবনের দৃশ্য দেখতে পান। এ সময় তারা দৌড়ে গিয়ে দুজনে গাঁজাসহ আটক করেন। এ সময় তাদের সহযোগীরা এসে পুলিশের ওপর হামলা চালায় ও মারধর করে। এসআই মিজানুর রহমানের মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। পরে তারা খানপুর হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন। রাতে অভিযান চালিয়ে অনিক ও মিস্টারকে আটক করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম দেশের একটি গণমাধ্যমকে বলেন, ‘রেলওয়ে পুলিশের উপপরিদর্শক মিজানুর রহমান মাদকবিরোধী অভিযানে গেলে তার ওপর মাদক ব্যবসায়ীরা হামলা চালায় এবং মারধর করে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।’
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী দেশের একটি গণমাধ্যমকে বলেন, ‘এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। আরও কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’
এসএস/টিএ