© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মাগুরায় ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা

শেয়ার করুন:
মাগুরায় ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৩৪ এএম | ১৬ মার্চ, ২০২৬
মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও বাজারে স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়।

রোববার (১৫ মার্চ) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের উদ্যোগে শহরের নুরজাহান প্লাজা মার্কেটে অভিযান চালানো হয়। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত পরিচালিত এ অভিযানে বিভিন্ন পোশাকের দোকান যেমন- পাঞ্জাবি, থ্রি-পিস, শাড়ি, লুঙ্গি, টুপি ও কসমেটিকসের দোকান তদারকি করা হয়।

এ সময় ফ্যাশন ফেব্রিকস নামের একটি প্রতিষ্ঠানে পাকিস্তানি পোশাকের বৈধ কাগজপত্র দেখাতে না পারা এবং বেশি দামে পণ্য বিক্রির অভিযোগে দোকান মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে মার্কেটের অন্যান্য দোকানেও তদারকি কার্যক্রম চালানো হয়।

অভিযান চলাকালে ব্যবসায়ীদের সতর্ক করে বলা হয়, রমজান মাসে কোনো পণ্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধি করা যাবে না। একইসঙ্গে দেশি পণ্যকে বিদেশি বলে বিক্রি না করার বিষয়েও ব্যবসায়ীদের সতর্ক করা হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. রবিউল ইসলাম এবং মাগুরা জেলা পুলিশের একটি টিম।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ বলেন, ব্যবসায়ীদের সচেতনতা বৃদ্ধি এবং ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত দাম নেয়া বন্ধ করতেই নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এসএস/টিএ

মন্তব্য করুন