প্রতিটি শিক্ষার্থী হবে একেকজন যোদ্ধা: জামায়াত আমির
ছবি: সংগৃহীত
০৩:০৩ এএম | ১৭ মার্চ, ২০২৬
শিক্ষার্থীদের কেবল পাঠ্যসূচি নির্ভর না হয়ে প্রতিটি পরীক্ষার জন্য নিজেকে যোগ্য হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়ার পর থেকে প্রতিটি শিক্ষার্থীকে একেকজন ‘যোদ্ধা’ হিসেবে নিজেকে তৈরি করতে হবে।
সোমবার (১৬ মার্চ) বিকেলে গাজীপুরের টঙ্গী তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা অ্যালমনাই অ্যাসোসিয়েশন আয়োজিত ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘তা'মীরুল মিল্লাত’ প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল ইমানদার, দেশপ্রেমিক ও যোগ্য নেতৃত্ব তৈরি করা। সেই লক্ষ্য আজ সফলতার পথে। এবারের জাতীয় সংসদ নির্বাচনে এই প্রতিষ্ঠানের তিনজন ছাত্র জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে দ্বীন ও জনগণের পক্ষে কথা বলার সুযোগ পেয়েছেন। এটি এই প্রতিষ্ঠানের জন্য এক বড় অর্জন।
ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যারা নির্বাচিত হয়ে আসছেন, আগামীতে তারাই ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণ করবেন। এ সময় তিনি ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসার ছাত্রদের স্মরণে তাদের আত্মার মাগফেরাত কামনা করেন।
অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মাওলানা আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, সালাহ উদ্দিন আইয়ুবী এবং হাফেজ মো. রাশেদুল ইসলাম উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষার্থীদের নৈতিক ও আধুনিক শিক্ষার সমন্বয়ে দেশের সেবায় আত্মনিয়োগ করার পরামর্শ দেন।
এমআই/টিএ