কিছু দেশ গোপনে ইরানে হামলা সমর্থন করছে: আব্বাস আরাগচি
ছবি: সংগৃহীত
০৯:১৭ এএম | ১৭ মার্চ, ২০২৬
উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশ গোপনে ইরানের বিরুদ্ধে হামলাকে উৎসাহ দিচ্ছে বলে অভিযোগ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেন, যারা নিজেদের ভূখণ্ডে মার্কিন সামরিক ঘাঁটি রেখেছে, তারা প্রকাশ্যে যুদ্ধের বিরোধিতা করলেও আড়ালে ভিন্ন অবস্থান নিতে পারে।
শুধু তাই নয়, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের দিকেও অঙ্গুল তুলে তিনি জানতে চান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার নিয়মিত ব্যক্তিগত আলোচনার যেসব খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়েছে, তা কতটা সত্য।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বলেন, 'সাম্প্রতি যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় শত শত বেসামরিক মানুষ নিহত হয়েছেন, যার মধ্যে দুই শতাধিক শিশুও রয়েছে'। এই প্রেক্ষাপটে সংশ্লিষ্ট দেশগুলোর অবস্থান দ্রুত স্পষ্ট করার আহ্বান জানান আরাগচি।
এদিকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি লারিজানি উপসাগরীয় দেশগুলোর মুসলিম জনগণের উদ্দেশে বলেন, এই যুদ্ধে তারা কার পক্ষে দাঁড়াবে-তা নিয়ে নিজেদের প্রশ্ন করা উচিত।
লারিজানি আরও বলেন, 'যদি ওই দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটি ব্যবহার করে ইরানের ওপর হামলা চালানো হয়, তাহলে তেহরান চুপ করে বসে থাকবে না'। তার মতে, বর্তমান সংঘাত একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এবং অন্যদিকে “মুসলিম ইরান ও প্রতিরোধ শক্তির” মধ্যে চলছে।
আরআই/টিকে