© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ডিপফেক বিতর্কের জবাবে নতুন ভিডিও নেতানিয়াহুর

শেয়ার করুন:
ডিপফেক বিতর্কের জবাবে নতুন ভিডিও নেতানিয়াহুর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪৭ এএম | ১৭ মার্চ, ২০২৬
বেনিয়ামিন নেতানিয়াহুর পাঁচ আঙুল দেখানো ভিডিওকে গ্রোক চ্যাটবট ‘এআই-নির্মিত’ বলে আখ্যা দিয়েছে। এরপর ইসরাইলের প্রধানমন্ত্রী আরও একটি ভিডিও প্রকাশ করলেন। 

নতুন এই ভিডিওতে তাকে ইসরাইলে নাগরিকদের সঙ্গে কথা বলতে দেখা যাচ্ছে। এর মধ্যে ইরানের সঙ্গে যুদ্ধকে কেন্দ্র করে অঞ্চলে উত্তেজনা অব্যাহত রয়েছে।

নতুন ভিডিওতে নেতানিয়াহুকে জেরুজালেমে হাঁটতে ও স্থানীয়দের সঙ্গে কথা বলতে দেখা যায়। তিনি বলেন, ‘কী সুন্দর। অনেক ধন্যবাদ। চলো একটু রোদ গায়ে মাখি।’

হাঁটতে হাঁটতে একটি কুকুর দেখে প্রশ্ন করেন, ‘এটা কার কুকুর? কোন জাত?’ এক নারী জানালেন, ‘কানানাইট-ইসরাইলি।’ কানান ডগ ইসরাইলের জাতীয় কুকুরের জাত হিসেবে স্বীকৃত।

নেতানিয়াহু হাসতে হাসতে বললেন, ‘কানানাইট-ইসরাইলি, বাহ। ওর একটু বাইরে আসা ভালো। তোমাদের সবার জন্যও ভালো। একটু বাতাস খেতে বেরিয়েছ?’

তারপর সুরক্ষিত আশ্রয়ের প্রসঙ্গ তুললেন। কাছে নিরাপদ জায়গা আছে জানতে পারলে বললেন, ‘দারুণ, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আইডিএফ জিতবে এবং আমরা নিজেদের রক্ষা করব।’

এর আগে রোববার নেতানিয়াহু জেরুজালেম পাহাড়ের ‘দ্য সাতাফ’ ক্যাফেতে কফি খাওয়ার ভিডিও প্রকাশ করে মৃত্যুর গুজব উড়িয়ে দিয়েছিলেন। আঙুল গোনার বিষয়ে দুই হাত তুলে বলেছিলেন, ‘আঙুল গুনতে চাও? এখানে দেখো, আর এখানে। দেখলে?’

সেই ভিডিও ছিল আবার তার আগের একটি ভিডিও প্রকাশের পর ছড়িয়ে পড়ার গুঞ্জনের জবাবে। নেতানিয়াহুর ছয়টি আঙুল নিয়ে আলোচনা সৃষ্টি হয়। যদিও সেই ভিডিও আলোচনার ঝড় থামানোর বদলে বাড়িয়েই দিয়েছে আরও।

এদিকে ইসরাইল-যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত এখন ১৮তম দিনে পড়েছে। গত মাসে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের ৮৬ বছর বয়সী সর্বোচ্চ নেতা আলি খামেনি নিহত হন। এরপর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত আরও ছড়িয়ে পড়েছে।


ইউটি/টিএ

মন্তব্য করুন