উপসাগরীয় দেশে ইরানের হামলায় ‘হতবাক’ ট্রাম্প, সতর্ক করা হয়েছিল আগেই
ছবি: সংগৃহীত
১২:৪৯ পিএম | ১৭ মার্চ, ২০২৬
ইরানে যুক্তরাষ্ট্র হামলা চালালে তেহরান পারস্য উপসাগরীয় দেশে মার্কিন মিত্রদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে পারে, এ বিষয়ে ডনাল্ড ট্রাম্পকে আগেই সতর্ক করা হয়েছিল।
স্থানীয় সময় সোমবার (১৬ মার্চ) মার্কিন কর্মকর্তা ও গোয়েন্দা প্রতিবেদেনের সঙ্গে যুক্ত একাধিক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানিয়েছে, যুদ্ধ শুরুর আগের গোয়েন্দা মূল্যায়নে এমনটা বলা হয়নি যে ইরান নিশ্চিতভাবেই পাল্টা হামলা চালাবে, তবে সম্ভাব্য ফলাফলের তালিকায় এটি অবশ্যই ছিল।
আরও দুটি সূত্র জানিয়েছে, ট্রাম্পকে এও সতর্ক করা হয়েছিল যে ইরান বিশ্বের একটি গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালি বন্ধ করার চেষ্টা করতে পারে।
স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে হামলার পর কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং কুয়েতের ওপর ইরানের প্রতিশোধমূলক হামলা ‘অপ্রত্যাশিত’ ছিল।
তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্যের এই অন্যান্য দেশগুলোর ওপর তাদের (ইরান) হামলা করার কথা ছিল না। কেউ এটা আশা করেনি। আমরা হতবাক হয়েছি।’
কিন্তু মার্কিন গোয়েন্দা সূত্রগুলো বলছে ভিন্ন কথা। মার্কিন গোয়েন্দা প্রতিবেদনের সঙ্গে যুক্ত একাধিক সূত্র রয়টার্সকে জানিয়েছে, ইরানে হামলা চালালে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর ওপর পাল্টা আঘাত আসতে পারে—এ বিষয়ে ট্রাম্পকে আগেই সতর্ক করা হয়েছিল।
এর আগেও ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু দাবি করা হয়েছিল, যার সপক্ষে পেন্টাগনের কাছে কোনো গোয়েন্দা তথ্য ছিল না। যেমন-ইরান শিগগিরই যুক্তরাষ্ট্রে আঘাত হানার মতো ক্ষেপণাস্ত্র তৈরি করে ফেলবে এবং দুই থেকে চার সপ্তাহের মধ্যে পারমাণবিক বোমা বানিয়ে তা ব্যবহার করবে।
টিজে/টিকে