ইরানকে ‘পিষে মারতে’ যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে আরব দেশগুলো
ছবি: সংগৃহীত
০১:১১ পিএম | ১৭ মার্চ, ২০২৬
ইরানে চলমান হামলা অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্রকে বার্তা দিয়েছে পারস্য সাগরের আরব দেশগুলো। ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার জন্য প্রথমদিকে যুক্তরাষ্ট্রকে কোনো ধরনের আহ্বান না জানালেও এখন তারা তাদের অবস্থান পরিবর্তন করেছে।
মঙ্গলবার (১৭ মার্চ) বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তিনটি উপসাগরীয় সূত্র রয়টার্সকে জানিয়েছে, এসব দেশের এখন চাওয়া হলো ইরানের যেন উপসাগরীয় অঞ্চলের তেল সরবরাহের মূল পথ ও সেই তেলের ওপর নির্ভরশীল অর্থনীতিগুলোর হুমকি হয়ে থাকার আর সক্ষমতা না থাকে।
উপসাগরীয় ছয়টি দেশে এসব হামলা চালাচ্ছে ইরান। এসব হামলা উপসাগরীয় দেশগুলোর উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। তাদের আশঙ্কা-ইরানের হাতে যদি শক্তিশালী আক্রমণাত্মক অস্ত্র বা অস্ত্র তৈরির সক্ষমতা থেকে যায়, তাহলে উত্তেজনা বাড়লেই তেহরান এই অঞ্চলের জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ পথকে জিম্মি করে ফেলতে পারে। তাই আরব দেশগুলোর এখন চাওয়া হলো, ইরানকে সামরিক সক্ষমতার দিক থেকে পঙ্গু করে দেওয়া।
উপসাগরীয় একটি সূত্র বলেছে, আরব নেতাদের মধ্যে এখন একটি মনোভাব একেবারেই স্পষ্ট, ট্রাম্পকে ইরানের সামরিক ক্ষমতা সম্পূর্ণভাবে দুর্বল করে দিতে হবে। ইরানকে দুর্বল না করা হলে তারা অঞ্চলটিকে জিম্মি রাখবেই। শিয়া মুসলিম অধ্যুষিত ইরান তার আরব প্রতিবেশীদেরকে নিয়ে গভীর সন্দেহ পোষণ করে। এসব দেশ যুক্তরাষ্ট্রের মিত্র এবং দেশগুলোতে মার্কিন ঘাঁটি রয়েছে।
একই সময় এসব সূত্র এবং পাঁচজন পশ্চিমা ও আরব কূটনীতিক রয়টার্সকে বলেছেন, উপসাগরীয় দেশগুলো যেন ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেয় এজন্য ওয়াশিংটন চাপ দিচ্ছে।
আরআই/টিকে