দেশের প্রচলিত আইন জানা সবার দায়িত্ব: আইজিপি
ছবি: সংগৃহীত
০২:৫১ পিএম | ১৭ মার্চ, ২০২৬
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, দেশের প্রচলিত আইন জানা প্রতিটি নাগরিকের নিজস্ব দায়িত্ব। নিজে আইন সম্পর্কে জানবেন, প্রয়োজনে পড়বেন-কারণ আইন জানা নাগরিক হিসেবে একটি নাগরিক অধিকার এবং দায়িত্ব। আইন না জানার অজুহাত গ্রহণযোগ্য নয়।
সোমবার (১৭ মার্চ) সকালে গাবতলী টার্মিনালে পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, দৈনন্দিন জীবনযাপন এবং দেশে বসবাসের জন্য প্রয়োজনীয় আইন সম্পর্কে ধারণা থাকা নাগরিকের অধিকার যেমন, তেমনি এটি একটি দায়িত্বও-যা সবারই জানা উচিত।
প্রতি বছর ঈদযাত্রায় ঘরমুখী মানুষের অনেক সমস্যা হয় উল্লেখ করে তিনি আরও বলেন, সড়কে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয়। এমনকি ঈদের আগের দিন রওনা দেয়, বাড়িতে পৌঁছে সঠিকভাবে সে ঈদটাও করতে পারে না। এজন্য আমরা এ বছর অত্যন্ত গুরুত্ব দিয়ে যাত্রীদের কোনো ধরনের হয়রানি, টিকিটের মূল্য বেশি নেওয়া, রোডে কোনো ব্লকেড না হওয়া, যানজট না হওয়া-সেটা নিশ্চিত করার জন্য সকল মহাসড়কে সরকারের পক্ষ থেকেও কো-অর্ডিনেশন মিটিং করা হয়েছে।
আইজিপি বলেন, অনেক সময় আমরা ট্রাফিক আইনটাও জানি না। তারপর ট্রাফিক সিগন্যালিং বুঝি না। ট্রাফিক আইনটা মেনে চলি না। সড়কে যত্রতত্র গাড়ি রাখি এবং মাঝখানে একটা গাড়ি রেখে যাই, কিন্তু আমরা চিন্তা করি না-আমার পিছনে অন্য গাড়িগুলো ব্লক হয়ে যাবে। সেজন্য এ বিষয়ে সতর্ক থাকলে আমরা এটা থেকে মুক্তি পেতে পারি।
আরআই/টিকে