অপ্রতিমের মাকে কী জবাব দেবো, জানি না: এমপি মনিরুল
ছবি: সংগৃহীত
০৪:৩৮ পিএম | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য (এমপি) মনিরুল হক চৌধুরী বলেছেন, অপ্রতিম হত্যার মতো অমানবিক ঘটনা এই সময়ে ঘটতে পারে, তা বিশ্বাস করতে পারছেন না। এই ধরনের ঘটনার কোনো জবাব নেই বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে অপ্রতীমের (১৩) মরদেহ উদ্ধার করা হয়। ক্যাম্পাসের পার্শ্ববর্তী লালমাই সানন্দা পাহাড় এলাকার একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পরে ঘটনাস্থলে গিয়ে এমপি মনিরুল হক চৌধুরী বলেন, অপ্রতিমের মায়ের সঙ্গে দেখা করে কী জবাব দেবো, জানি না। অবিলম্বে অপরাধীকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।
তিনি আরও বলেন, জাতির ইতিহাসে যে কয়টি লজ্জাজনক ঘটনা ঘটেছে, এটি তার মধ্যে একটি। এ ঘটনায় সবার বিবেক জাগ্রত হওয়া উচিত। আগামী তিন মাসের মধ্যে ঘটনার বিচার নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হবে বলেও জানান এমপি মনিরুল হক চৌধুরী।
এসময় স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বিভাগকে আরও বেশি কঠোর হতে হবে। এটা কোনো দেশ হতে পারে না, এমন অবস্থা চলতে পারে না। অনুগ্রহপূর্বক এসব দিকে, এই কিশোর ছেলেদের দিকে নজর দিন; নইলে এ জাতিকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়া কঠিন হবে।
এমআর/এসএন