© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গাইবান্ধায় আকস্মিক ঝড়ে ৫ শতাধিক ঘর লন্ডভন্ড

শেয়ার করুন:
গাইবান্ধায় আকস্মিক ঝড়ে ৫ শতাধিক ঘর লন্ডভন্ড

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:০০ পিএম | ১৭ মার্চ, ২০২৬
গাইবান্ধার গোবিন্দগঞ্জের ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড় ও শিলা বৃষ্টিতে ৫ শতাধিক বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং উপড়ে পড়েছে বিদ্যুতের ৯টি খুঁটি। এতে উপজেলার পশ্চিম অঞ্চলের ৯টি ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।

সোমবার (১৬ মার্চ) রাত ১২টার দিকে উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া আকস্মিক ঝড়ে এ ক্ষয়ক্ষতি হয়।


মঙ্গলবার (১৭ মার্চ) গোবিন্দগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। এ দিকে শিলা বৃষ্টি ও ঝড়ো বাতাসে উঠতি ফসলেরও ক্ষতি হয়েছে। 

এর আগে গত রোববার (১৫ মার্চ) রাতেও এই উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে বাড়ি-ঘরের ব্যাপক ক্ষতি হয়।

স্থানীয়রা জানান, সোমবার রাত ১২টার দিকে উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া আকস্মিক ঝড়ে সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ, চকরহিমাপুর, খামারপাড়া, মাদারপুর ও দরবস্ত ইউনিয়নের গোশাইপুর, রামনাথপুর, দুর্গাপুরসহ বেশ কয়েকটি গ্রামে ব্যাপক ক্ষতি হয়। এতে কাঁচা-পাকা ও টিনশেড ঘরবাড়ি ভেঙে পড়ে এবং অনেক ঘরের টিনের চালা উড়ে যায়। এ ছাড়াও অনেক গাছপালা ঘরের ওপর ভেঙে পড়েছে। শিলাবৃষ্টির কারণে এই এলাকার ৫ শতাধিক ঘর-বাড়ি লন্ডভন্ড হয়।

কৃষি বিভাগ জানায়, এই ঝড়ে ৩৯৯ হেক্টর জমির ফসলের ব্যাপক ক্ষতি হয়। ‍


ইউটি/টিএ 

মন্তব্য করুন