© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পুতিনের সহায়তায় মস্কোয় চিকিৎসা নিলেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা

শেয়ার করুন:
পুতিনের সহায়তায় মস্কোয় চিকিৎসা নিলেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:০৩ পিএম | ১৭ মার্চ, ২০২৬
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় গুরুতর আহত হওয়ার পর ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে গোপনীয়তার সঙ্গে রাশিয়ায় নিয়ে যাওয়া হয়েছে। দায়িত্ব গ্রহণের পর থেকে জনসমক্ষে না আসায় তার মৃত্যু বা কোমায় থাকার যে গুজব ছড়িয়েছিল, এই খবর তাকে আরও উসকে দিয়েছে।

কুয়েতি সংবাদপত্র আল-জারিদা'র এক প্রতিবেদন অনুযায়ী, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যক্তিগত আমন্ত্রণে একটি রুশ সামরিক বিমানে করে তাকে মস্কোয় নিয়ে যাওয়া হয় এবং সেখানে একটি রাষ্ট্রপতির বাসভবনে সফলভাবে তার পায়ের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

'দ্য ইউএস সান'-এর সূত্র মতে, ৫৬ বছর বয়সী মোজতবা খামেনি 'অপারেশন এপিক ফিউরি-র শুরুর দিকের বোমা হামলায় মারাত্মকভাবে আহত হন। একটি সূত্র দাবি করেছে, এই হামলায় তিনি অন্তত একটি পা হারিয়েছেন এবং তার যকৃৎ বা পাকস্থলী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি তিনি কোমায় থাকতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অব্যাহত বোমা হামলার কারণে ইরানে তার উন্নত চিকিৎসা সম্ভব হচ্ছিল না, যার ফলে পুতিন তাকে মস্কোয় স্থানান্তরের প্রস্তাব দেন। এর আগে তিনি তেহরানের সিনা বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলে জানা যায়।

শারীরিক অবস্থা নিয়ে চরম জল্পনার মধ্যেই ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন মোজতবা খামেনির একটি বিবৃতি সম্প্রচার করেছে। সেখানে তিনি নিহত ইরানিদের রক্তের প্রতিশোধ নেওয়ার পাশাপাশি দুবাইয়ে হামলা অব্যাহত রাখা এবং হরমুজ প্রণালী অবরোধের হুমকি দিয়েছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তাকে 'রমজানের জানবাজ' বা আহত যুদ্ধফেরত সৈনিক হিসেবে আখ্যায়িত করছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন যে, নতুন নেতা সম্পূর্ণ সুস্থ আছেন এবং পরিস্থিতি তার নিয়ন্ত্রণেই রয়েছে। তবে জনসমক্ষে তার উপস্থিতি না থাকায় এবং ছবি সম্পাদনায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের অভিযোগ ওঠায় এই দাবির সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।

ইরানের বর্তমান পরিস্থিতি এবং নতুন নেতার অবস্থা নিয়ে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। মোজতবা খামেনি নিহত হয়েছেন এমন গুজব তিনি সরাসরি উড়িয়ে দেননি। বরং তিনি মন্তব্য করেছেন, "আমি জানি না সে আদৌ বেঁচে আছে কি না।" পাশাপাশি তিনি দাবি করেছেন যে, ইরান বর্তমানে একটি চুক্তিতে আসার চেষ্টা করছে।

এসএন 

মন্তব্য করুন