চাঁদাবাজির পথে পা বাড়ালে আইনি ব্যবস্থা নেয়া হবে: আইনমন্ত্রী
ছবি: সংগৃহীত
০৫:৫৭ পিএম | ১৭ মার্চ, ২০২৬
আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি ভুল করে কেউ টেন্ডারবাজি চাঁদাবাজির পথে পা বাড়ান, তাহলে তার বিরুদ্ধে প্রশাসন আইনি ব্যবস্থা নিতে কুণ্ঠাবোধ করবে না। বিএনপি করলেও রক্ষা পাবেন না। আপনারা এক দুইজন চাঁদাবাজি করবেন,আর তার দায় বিএনপি ও প্রধানমন্ত্রীর ঘাড়ে এসে পড়বে, তা হতে দেওয়া হবে না।
সোমবার (১৬ মার্চ) ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা চাঁদপুর ইউনিয়নের পানি উন্নয়ন বোর্ডের চয়নিকা বিলের খাল খনন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আমরা জুলাই সনদের প্রতিটি অধ্যায় ভালো করে পড়ে, দেখে, বুঝে বাস্তবায়ন করব। আমাদের কথার কোনো ব্যত্যয় নেই। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ। বক্তৃতা করেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য জেলা জামায়াতের আমির আলী আজম আবু বক্কর, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিব, জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল মজিদ প্রমুখ।
উদ্বোধন শেষে মন্ত্রী মাটি কেটে ও বৃক্ষ রোপণ করে খাল খননের কার্যক্রম শুরু করেন। পানি উন্নয়ন বোর্ড ঝিনাইদহ বিভাগ থেকে জানানো হয়েছে, হরিণাকুন্ডু উপজেলা চাঁদপুর ইউনিয়নের ফসল রক্ষায় বর্ষা মৌসুমে বিলের পানি নিষ্কাশনে খালটি খনন করা হচ্ছে। খরচ হচ্ছে ৫৭ লাখ টাকা। এটি খনন শেষ হলে এলাকার অন্তত এক হাজার ৮শ’ কৃষক উপকৃত হবেন। বিকালে জেলা প্রশাসন আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেন মন্ত্রী।
আইকে/টিএ