© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গ্যাস সংকট দ্রুত সমাধানের আশ্বাস প্রতিমন্ত্রী ইশরাকের

শেয়ার করুন:
গ্যাস সংকট দ্রুত সমাধানের আশ্বাস প্রতিমন্ত্রী ইশরাকের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:২২ পিএম | ১৭ মার্চ, ২০২৬

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এলাকার গ্যাস সংকটসহ নাগরিক সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি জানান, তিতাস গ্যাস কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের মাধ্যমে স্থানীয় পাইপলাইন সংস্কার ও গ্যাস সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে।


মঙ্গলবার (১৭ মার্চ) রাজধানীর গেন্ডারিয়ায় পবিত্র রমজান উপলক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গ্যাস সংকট দ্রুত সমাধানের আশ্বাস প্রতিমন্ত্রী ইশরাকের

প্রতিমন্ত্রী জানান, সরকারের প্রথম মন্ত্রিসভা (ক্যাবিনেট) বৈঠকেই দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। জনগণ যেন দ্রুততম সময়ে সেবার সুফল পায়, সরকার সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এছাড়া বৃষ্টির মৌসুমে জলাবদ্ধতা নিয়ন্ত্রণে ওয়াসা এবং সড়ক মেরামতের বিষয়ে সিটি করপোরেশনের প্রকৌশলীদের সঙ্গে সমন্বয় করে কাজ চলছে বলে তিনি উল্লেখ করেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ইশরাক হোসেন বলেন, সংশ্লিষ্ট থানার পুলিশ ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে। নারী-পুরুষ নির্বিশেষে সব শ্রেণির মানুষ যেন যেকোনো সময় নির্ভয়ে চলাচল করতে পারেন, সেজন্য পুলিশকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। ঈদের পরে দখলকৃত সড়ক ও ফুটপাতগুলো উদ্ধার করে সাধারণ মানুষের চলাচলের উপযোগী করা হবে।

সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কাজের কথা তুলে ধরে তিনি বলেন, কৃষকদের সুবিধার্থে সুদসহ কৃষিঋণ মওকুফ করা হয়েছে। প্রধানমন্ত্রীর ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি পর্যায়ক্রমে এই ওয়ার্ডে বাস্তবায়ন করা হবে এবং প্রকৃত যোগ্যরা অগ্রাধিকার ভিত্তিতে এই সুবিধা পাবেন। এছাড়া সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মী এবং ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতার বিষয়েও সরকারের পরিকল্পনার কথা জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ হাসান উদ্দিন মোল্লা, জাপান বিএনপির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শওকত খান বাদশা, গেন্ডারিয়া থানা বিএনপির ১নং যুগ্ম-আহ্বায়ক ঢালী মামুনুর রশিদ অপুসহ স্থানীয় নেতারা।

এবি/টিএ

মন্তব্য করুন