৩৪ দিন পর আবারও শাহজালালের মাজারের দানবাক্সের টাকা গণনা শুরু
ছবি: সংগৃহীত
১২:৫২ পিএম | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আবারও প্রকাশ্যে হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্সের টাকা গণনা শুরু হয়েছে। সর্বশেষ গত ১৫ আগস্ট টাকা গণনার পর প্রায় ৩৪ দিন বিরতির পর শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে মাজারের দানবাক্স (ডেগচি) থেকে টাকা তুলে দরগাহ মসজিদের বারান্দায় গণনা শুরু হয়।
টাকা গণনার সময় উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা। এতে মাদরাসার শিক্ষার্থী, মাজার কমিটির লোকজন ও জেলা প্রশাসনের কর্মচারীরাও অংশ নিয়েছেন।
এর আগে গত ২২ জুন ৭০০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো প্রকাশ্যে শাহজালাল (রহ.)- এর মাজারের দানবাক্সের টাকা গণনা করা হয়। ওই দিন মাজারের চারটি দানবাক্স এবং জেলা প্রশাসনের স্থাপন করা চারটিসহ মোট আটটি দানবাক্স ডাবল লক অবস্থায় খোলা হয়। সেখান থেকে নগদ ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা পাওয়া যায়। পাশাপাশি ৭ আনা স্বর্ণালঙ্কার ও সৌদি রিয়াল ২টি পাওয়া যায়।
এ ছাড়াও জেলা প্রশাসনের ফান্ড থেকে সাবেক ডিসি সারওয়ার আলম আরও ৫ লাখ টাকার চেক দেন। এতে মোট টাকার পরিমাণ দাঁড়ায় ২২ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা। পরে ওই টাকা হজরত শাহজালাল (রহ.)-এর নামে সোনালী ব্যাংকের করপোরেট শাখায় জমা দেওয়া হয়।
এর ১৮ দিন পর গত ১১ জুলাই দ্বিতীয় দফায় দানবাক্স খুলে পাওয়া যায় ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা। এ সময় ১৩৫ সৌদি রিয়াল, ২ হাজার ৫৩২ ভারতীয় রুপি, ৫৪ দশমিক ২ দিরহাম, ওমানের ১ দিনার ৪৫০ পয়সা, ৪ হাজার ইন্দোনেশিয়ান রুপিয়া, ২০ মার্কিন ডলার, ২০ হংকং ডলার, ২০ ইউরো, ১০ সিঙ্গাপুর ডলার, ২২ কাতারি রিয়াল, ৬ মালয়েশিয়ান রিংগিত ও ৬০ পাকিস্তানি রুপি পাওয়া যায়।
এ ছাড়াও দানবাক্স থেকে ৯ গ্রাম স্বর্ণ, ১০ গ্রাম স্বর্ণসদৃশ বস্তু এবং ৩৯ দশমিক ৪ গ্রাম রূপা উদ্ধার করা হয়।
সর্বশেষ গত ১৫ আগস্ট তৃতীয় দফায় দানবাক্স খুলে পাওয়া যায় ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা। একই সঙ্গে পাওয়া যায় স্বর্ণ, রুপাসহ বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা।
এসএন