স্বাস্থ্যমন্ত্রী ঘোষিত ২৪ ঘন্টা সময়ের মধ্যেই চালু হলো সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউ
ছবি: সংগৃহীত
০৮:৫৭ পিএম | ১৭ মার্চ, ২০২৬
স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই রাজধানীর মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চালু করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে সোমবার (১৬ মার্চ) মধ্যরাতে হাসপাতাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী দ্রুত আইসিইউ চালুর আশ্বাস দেন। সেই প্রতিশ্রুতি অনুযায়ী জরুরি ভিত্তিতে চিকিৎসক ও প্রয়োজনীয় জনবল সংযুক্ত করে ইউনিটটি চালু করা হয়েছে।
সাম্প্রতিক সময়ে হাম বা মিজলস রোগের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় হাসপাতালটিতে ধারণক্ষমতার অতিরিক্ত রোগী ভর্তি হয়। বেড সংকটের কারণে অনেক রোগীকে ফ্লোর ও বারান্দায় রেখে চিকিৎসা দিতে হচ্ছিল। এ অবস্থার মধ্যেই এক গুরুতর অসুস্থ শিশুর মৃত্যুর খবর পেয়ে গভীর রাতে হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী জানান, বিভিন্ন সীমাবদ্ধতা থাকলেও চিকিৎসাসেবায় কোনো অবহেলা নেই। প্রকল্প বন্ধ হয়ে যাওয়ায় আগে চালু থাকা আইসিইউটি অচল ছিল, যা দ্রুত পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়।
এর অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থান থেকে তিনজন চিকিৎসক, একজন জুনিয়র কনসালটেন্ট (অ্যানেস্থেসিয়া) ও একজন অ্যানেস্থেটিস্টকে সংযুক্ত করা হয়েছে। প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন শেষে পাঁচ শয্যার আইসিইউ ইউনিটটি এখন রোগীদের জরুরি সেবা দিতে প্রস্তুত।
এদিকে হাসপাতালটির সীমিত শয্যা সংখ্যা বিবেচনায় পাশের ডিএনসিসি হাসপাতালেও হাম রোগীদের চিকিৎসার জন্য একটি বিশেষ ইউনিট চালু করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
এসএন