সব মসজিদের ইমাম-মুয়াজ্জিন সম্মানিত ভাতা পাবে: হুইপ দুলু
ছবি: সংগৃহীত
০৯:১৫ পিএম | ১৭ মার্চ, ২০২৬
জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘দেশের সকল মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানজনক ভাতা দেয়ার উদ্যোগ নেয়া হবে। দেশের ইমাম-মুয়াজ্জিনরা দীর্ঘদিন ধরে অবহেলিত ও বঞ্চিত অবস্থায় আছেন। অথচ সমাজে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠায় তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে নাটোর শহরের এনএস সরকারি কলেজ মাঠে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকোসহ সকল শহিদদের রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় থাকাকালে দেশের কৃষি উন্নয়নের জন্য খাল খনন কর্মসূচি হাতে নিয়েছিলেন। সে সময় তিনি নিজেও বিভিন্ন স্থানে খাল খনন কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন। দীর্ঘদিন সেই কর্মসূচি বন্ধ থাকলেও এখন আবার তার প্রয়োজনীয়তা স্পষ্ট হয়ে উঠেছে।
দুলু বলেন, ফারাক্কা বাঁধ এবং তিস্তা ব্যারেজের কারণে উত্তরাঞ্চলে পানির প্রবাহ কমে গেছে। ফলে এই অঞ্চলে পানির সংরক্ষণ অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। এ কারণেই জিয়াউর রহমান খাল খননের ওপর গুরুত্ব দিয়েছিলেন।
তিনি বলেন, জিয়াউর রহমানের সময় খাল খননের ফলে কৃষিতে উৎপাদন বৃদ্ধি পেয়েছিল এবং বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছিল। আগামী দিনেও সঠিক পরিকল্পনা ও উদ্যোগের মাধ্যমে দেশে খাদ্যের কোনও ঘাটতি থাকবে না বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, নাটোর জেলা জামায়াতের আমির ডা. মীর নূরুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, যুবদলের সভাপতি এ এইচ আই তালুকদার ডালিমসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
প্রসঙ্গত, ইফতার ও দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকোসহ দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এসএন