মাসাবার জন্মের সময় টাকার অভাবে কীভাবে চিকিৎসককে পারিশ্রমিক দিয়েছিলেন নীনা?
ছবি: সংগৃহীত
০৬:৪২ এএম | ১৮ মার্চ, ২০২৬
প্রবীণ অভিনেত্রী নীনা গুপ্তা বহু সাক্ষাৎকারে জানিয়েছেন, একা হাতে কী ভাবে মেয়ে মাসাবাকে বড় করেছেন তিনি। ক্রিকেটতারকা ভিভ রিচার্ডসের সঙ্গে তাঁর সম্পর্ক, তার পরে অন্তঃসত্ত্বা হয়ে প়ড়ার ঘটনাও কমবেশি সবার জানা। মাসাবা জন্মানোর সময় ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল নীনাকে। সেই কাহিনিই সম্প্রতি ভাগ করে নিয়েছেন তিনি।
নীনা বলেন, “মাসাবা হওয়ার সময় আর্থিক দিক থেকে আমার খুব খারাপ অবস্থা ছিল। সি-সেকশন করার মতো টাকা ছিল না আমার কাছে। তাই খুব চিন্তিত হয়ে পড়েছিলাম। কী ভাবে কী হবে? সেই সময় নর্মাল ডেলিভারি হলে লাগত দু’হাজার টাকা। আর সি-সেকশন হলে সেই সময় জমা দিতে হত ১০ হাজার টাকা। আমার কাছে অত টাকা ছিল না ব্যাঙ্কে।”

সেই সময়ে বরাতজোরে আচমকাই কিছু টাকা পান অভিনেত্রী। নীনা জানান, আয়কর হিসেবে দেওয়া অতিরিক্ত কিছু টাকা প্রাপ্য হয়েছিল। সেই টাকাই নিয়মমতো ফেরত পেয়েছিলেন তিনি। তাতেই ব্যাঙ্কে আসে ১০ হাজার টাকা। যার ফলে কিছুটা নিশ্চিন্ত বোধ করেন তিনি। শেষে সি-সেকশনের মাধ্যমেই জন্ম হয় মাসাবার।
নীনা জানিয়েছেন, সেই সময়ে তাঁর বাবার মনে হয়েছিল, শারীরিক অবস্থার জন্য নয়, অভিনেত্রীর থেকে বাড়তি টাকা নেওয়ার জন্যই সি-সেকশন করার জন্য জোর দিয়েছিলেন চিকিৎসক।
এসকে/টিকে