© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অবৈধভাবে ভিজিএফের চাল মজুত, ২ জনকে কারাদণ্ড ও জরিমানা

শেয়ার করুন:
অবৈধভাবে ভিজিএফের চাল মজুত,  ২ জনকে কারাদণ্ড ও জরিমানা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪৯ এএম | ১৮ মার্চ, ২০২৬
রাজবাড়ীর কালুখালীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের চাল অবৈধভাবে ক্রয়, সংরক্ষণ ও মজুত করার অভিযোগে দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) উপজেলার রতনদিয়া ইউনিয়ন পরিষদে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন।
 
দণ্ডপ্রাপ্তরা হলেন কালুখালী উপজেলার তোফাদিয়া গ্রামের মো. সাজ্জাদ হোসেন ও গঙ্গানন্দপুর গ্রামের চিত্তরঞ্জন বিশ্বাস।
 
ইউএনও মো. মেজবাহ উদ্দিন জানান, রতনদিয়া ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ১০ কেজি হারে চাল অবৈধভাবে ক্রয় ও ব্যবসার উদ্দেশ্যে মজুত করেছিলেন সাজ্জাদ হোসেন ও চিত্তরঞ্জন বিশ্বাস। ইউনিয়ন পরিষদের পাশ থেকে তাদের মজুত করা ৫০ কেজি ওজনের দুই বস্তা খোলা ত্রাণের চাল উদ্ধার করা হয়। এছাড়া তাদের কাছ থেকে ৭টি স্বাক্ষরযুক্ত ও ৬৯টি স্বাক্ষরবিহীন জাল কার্ডসহ মোট ৭৬টি কার্ড জব্দ করা হয়।

 
পরে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর ৬ ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় মো. সাজ্জাদ হোসেনকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড এবং চিত্তরঞ্জন বিশ্বাসকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৪০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে।
 
ইউএনও আরও জানান, ইউনিয়ন পরিষদে অভিযানকালে দেখা গেছে উপকারভোগীদের মাঝে ১০ কেজির পরিবর্তে কম পরিমাণে চাল বিতরণ করা হচ্ছে। এসময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করা হয়। পরবর্তীতে ইউনিয়ন পরিষদের ভবনের বিভিন্ন কক্ষ থেকে ৫৬টি কার্ডের বিপরীতে ৫৫৯ কেজি চাল জব্দ করা হয়।

আরআই/টিকে

মন্তব্য করুন