আফগানিস্তানে সামরিক হামলা অব্যাহত রাখার ঘোষণা পাকিস্তানের!
ছবি: সংগৃহীত
০৮:৫৪ এএম | ১৮ মার্চ, ২০২৬
‘চূড়ান্ত লক্ষ্য’ অর্জন না হওয়া পর্যন্ত আফগানিস্তানে সামরিক হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে পাকিস্তান। ‘ঘাজাব লিল হক’ নামের এই পাকিস্তানি অভিযানে এখন পর্যন্ত ৬৮৪ জন তালেবান সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয়। অন্যদিকে, আর আলোচনা নয়, পাকিস্তানে সরাসরি হামলার হুমকি দিয়েছেন তালেবান সরকারের মুখপাত্র।
সোমবার (১৬ মার্চ) রাতে আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান। সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রতিবেশী দেশ দু’টির মধ্যে লড়াই যে তীব্র হয়েছে, সোমবারের হামলা ছিল তারই সবশেষ ঘটনা।
তালেবান সরকার পাকিস্তানকে এ হামলার জন্য দায়ী করলেও শুরু থেকেই তা অস্বীকার করে আসছে পাকিস্তান। আফগানিস্তানে এখনো অব্যাহত আছে পাকিস্তানের অভিযান।
তোরখাম সীমান্তে তালেবান ঘাঁটি গুঁড়িয়ে দেয়ার দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী। নিরাপত্তা সূত্রের বরাতে জানা গেছে, তোরখাম সেক্টরে আফগান তালেবান ও ‘ফিতনা আল-খাওয়ারিজ’ সংশ্লিষ্ট অবস্থান লক্ষ্য করে অভিযান চালিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী। ‘লক্ষ্য অর্জন’ না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সাফ জানিয়ে দিয়েছেন, তালেবানকে নির্ধারণ করতে হবে তারা সন্ত্রাসীদের পাশে থাকবে নাকি পাকিস্তানের সাথে সম্পর্ক বজায় রাখবে।
পাকিস্তানের চালানো এই হামলার জবাবে কড়া হুঁশিয়ারি বার্তা দিয়েছে আফগানিস্তান। তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ ঘোষণা দিয়েছেন, পাকিস্তানের সঙ্গে আর কোনো কূটনীতি বা আলোচনা নয়, এর বদলে আফগানিস্তান ‘প্রতিশোধ’ নেবে।
এদিকে কাবুলের হাসপাতালে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত, স্বাধীন ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মানবাধিকার দফতরের মুখপাত্র থামিন আল-খিতান বলেন, বেসামরিক নাগরিক ও হাসপাতালের মতো স্থাপনায় হামলা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন। তিনি জোর দিয়ে বলেন, দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে এবং এমন ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে, তা নিশ্চিত করতে হবে।
আরআই/টিকে