বগুড়া-৬ উপ-নির্বাচন : ১৫০ কেন্দ্রে ভোটের লড়াই, প্রস্তুত ৮৩৫ কক্ষ
ছবি: সংগৃহীত
১১:৩৬ এএম | ১৮ মার্চ, ২০২৬
তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনে ভোটযুদ্ধের ক্ষণগণনা শুরু হয়েছে। আগামী ৯ এপ্রিলের দিনকে সামনে রেখে ভোটকেন্দ্রের চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রকাশিত তথ্য অনুযায়ী, এবার সদর উপজেলার ১৫টি ইউনিয়নে ও পৌরসভা এলাকায় মোট ১৫০টি কেন্দ্রে রায় দেবেন সাড়ে ৪ লাখের বেশি ভোটার।
ইসির নির্বাচন পরিচালনা শাখা কেন্দ্র ও কক্ষের এই বিস্তারিত তথ্য জানান।
বগুড়া সদর উপজেলা নিয়ে গঠিত এই আসনটিতে ১টি পৌরসভা ও ১১টি ইউনিয়ন রয়েছে। ইসির গেজেট অনুযায়ী, এ আসনে স্থায়ী ভোটকেন্দ্র রয়েছে ১৫০টি, ভোটকক্ষ ৮৩৫টি, মোট ভোটার ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন (সাধারণ ভোটার ৪ লাখ ৫০ হাজার ৩০৭ জন এবং পোস্টাল ব্যালট ভোটার ৩ হাজার ৭৩৬ জন) এবং এই আসনে তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার রয়েছেন ১০ জন।
বগুড়া-৬ আসনে এবার মূলত ত্রিমুখী লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। এই নির্বাচনে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন মো. আবিদুর রহমান (বাংলাদেশ জামায়াতে ইসলামী), মো. রেজাউল করিম বাদশা (বিএনপি) এবং মো. আল আলিম তালুকদার (বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি)।
গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিপুল ভোটে জয়ী হয়েছিলেন। তবে একই সঙ্গে দুটি আসনের (বগুড়া-৬ ও ঢাকা-১৭) সংসদ সদস্য থাকার আইনি সুযোগ না থাকায় তিনি ঢাকা-১৭ আসনটি রেখে বগুড়ার এই আসনটি ছেড়ে দেন। ফলে আসনটি শূন্য ঘোষণা করে কমিশন নতুন করে নির্বাচনের তফসিল দেয়।
আগামী ৯ এপ্রিল একই দিনে বগুড়া-৬ আসনের পাশাপাশি শেরপুর-৩ আসনেও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।
টিজে/এসএন