স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ‘কুরুচিপূর্ণ’ পোস্ট শেয়ার: কর্মকর্তা বরখাস্ত
ছবি: সংগৃহীত
১২:২৪ পিএম | ১৮ মার্চ, ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রী ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ ও মানহানিকর পোস্ট শেয়ার করার অভিযোগে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মুহাম্মদ ইউনুসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রতিষ্ঠানের রেজিস্ট্রার দপ্তর থেকে জারি করা এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।
বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান লায়ন মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ ছবিসহ স্ট্যাটাস তার নজরে আসার পরপরই তিনি ব্যবস্থা নিয়েছেন। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের একজন চাকরিজীবী হয়ে সরকারের একজন মন্ত্রীর বিরুদ্ধে এ ধরনের অশালীন আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেন তিনি।
অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, মুহাম্মদ ইউনুস তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল থেকে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট করেছেন, যা উসকানিমূলক এবং প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। এই কারণে কর্তৃপক্ষের নির্দেশে তাকে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে, কেন তার বিরুদ্ধে চূড়ান্ত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না-সে বিষয়ে আগামী সাত কার্যদিবসের মধ্যে রেজিস্ট্রার দপ্তরে লিখিত ব্যাখ্যা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এবি/টিএ
এবি/টিএ