লাহৌরের আতিথেয়তায় মুগ্ধ স্বরা
ছবি: সংগৃহীত
০১:৩০ পিএম | ১৮ মার্চ, ২০২৬
পাকিস্তানের মানুষদের গল্প নিয়ে তৈরি ছবি ‘ধুরন্ধর’ ঘিরে বিতর্ক থামার আগেই নতুন করে আলোচনায় এলেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। এর আগেই এই ছবিকে ঘিরে আপত্তি তুলেছিলেন স্বরার মা ইরা ভাস্কর। তাঁর অভিযোগ ছিল, ছবিটিতে বিশেষ একটি সম্প্রদায়কে হিংস্রভাবে উপস্থাপন করা হয়েছে। সেই অবস্থানেই সরব ছিলেন স্বরাও। এমনকি স্বামীর ধর্ম নিয়ে কটাক্ষের মুখেও পড়তে হয়েছে তাঁকে।

এই প্রেক্ষাপটেই এবার পাকিস্তান নিয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করে নতুন বিতর্কের জন্ম দিলেন অভিনেত্রী। স্বরার কথায়, ২০০৫ সালে কলেজে পড়ার সময় হঠাৎই তাঁর মনে হয়েছিল প্রতিবেশী দেশটি ঘুরে দেখবেন। বাবার সহায়তায় এক বান্ধবীকে সঙ্গে নিয়ে তিনি পাকিস্তান সফরে যান।

সেই সফরের অভিজ্ঞতা তুলে ধরে স্বরা বলেন, বহু দেশ ঘোরার পরও পাকিস্তানের লাহৌর শহর তাঁর কাছে আলাদা জায়গা করে নিয়েছে। লন্ডন, প্যারিস বা আমেরিকার তুলনায় লাহৌরের আতিথেয়তা তাঁকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে।
তিনি জানান, লাহৌরের আনারকলি মার্কেটে ঘুরতে গিয়ে স্থানীয় বিক্রেতারা তাঁদের চা ও সিঙারা খাইয়েছিলেন। এমন আন্তরিকতায় এক মুহূর্তের জন্যও তাঁর মনে হয়নি তিনি কোনও ‘শত্রু দেশে’ রয়েছেন।
স্বরার বক্তব্য, কোনও দেশের সাধারণ মানুষকে দোষারোপ করা ঠিক নয়। তাঁর মতে, সব কিছু নির্ভর করে রাষ্ট্র ও সরকারের নীতির ওপর, মানুষের ওপর নয়।
২০০৫ সালের পর আবারও একবার পাকিস্তান যাওয়ার সুযোগ হয়েছিল বলে জানান এই অভিনেত্রী। দুই দেশের বর্তমান কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই তাঁর এই মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।