পদ্মা সেতুতে দেড় দিনে সাড়ে ৫ কোটি টাকার টোল আদায়
ছবি: সংগৃহীত
০১:৩৬ পিএম | ১৮ মার্চ, ২০২৬
পদ্মা সেতু দিয়ে নাড়ির টানে বাড়ি ফিরছে দক্ষিণবঙ্গের ২১ জেলার মানুষ। গত দেড় দিনে (৩৬ ঘণ্টায়) এই সেতুতে রেকর্ড ৫ কোটি ৭০ লাখ ১৪ হাজার ৫৫০ টাকা টোল আদায় হয়েছে।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বুধবার (১৮ মার্চ) ভোর থেকেই মুন্সিগঞ্জের লৌহজং এলাকায় সেতুর উত্তর টোল প্লাজায় যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। তবে টোল আদায়ে গতি থাকায় বড় ধরনের কোনো যানজটের সৃষ্টি হয়নি।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক আলতাফ হোসেন জানান, ঈদের ছুটির প্রথম দিন অর্থাৎ ১৭ মার্চ মঙ্গলবার ২৪ ঘণ্টায় মোট ৩৮ হাজার ৫১৭টি যানবাহন সেতু পারাপার হয়েছে। এতে একদিনেই টোল আদায় হয়েছে ৪ কোটি ১৮ লাখ ৬০ হাজার ৯০০ টাকা।
এরপর বুধবার (১৮ মার্চ) মধ্যরাত থেকে আজ সকাল ৯টা পর্যন্ত ৯ ঘণ্টায় আরও ১২ হাজার ৯১৫টি যানবাহন পারাপার করেছে। এ সময়ে টোল আদায় হয়েছে ১ কোটি ৫১ লাখ ৫৩ হাজার ৬৫০ টাকা। সব মিলিয়ে গত দেড় দিনে মোট ৫১ হাজার ৪৩২টি যানবাহন পদ্মা সেতু পার হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ বেশি থাকলেও শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছে হাইওয়ে পুলিশ ও সেতু কর্তৃপক্ষ। বিশেষ করে মোটরসাইকেলের জন্য আলাদা লেন থাকায় পারাপার অনেকটা নির্বিঘ্ন হচ্ছে।
সেতু কর্তৃপক্ষের কর্মকর্তারা বলছেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। যাত্রীদের ভোগান্তি কমাতে টোল প্লাজার সবগুলো বুথ সচল রাখা হয়েছে এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।
এমআই/এসএন