পুরুষদের ‘কাস্টিং কাউচ’ নিয়ে সরব হয়েছিলেন শশী কাপুর
ছবি: সংগৃহীত
০১:৪৮ পিএম | ১৮ মার্চ, ২০২৬
বলিউডের কাপুর পরিবারের সদস্যরা সবসময়ই ঠোঁটকাটা বা স্পষ্টবক্তা হিসেবে পরিচিত। ঋষি কাপুর থেকে শুরু করে কারিনা কাপুর-সবাই সোজাসুজি কথা বলতেই পছন্দ করেন। এই তালিকায় অন্যতম ছিলেন ঋষি কাপুরের কাকা শশী কাপুর। নিজের দীর্ঘ অভিনয় জীবনে ইন্ডাস্ট্রির অনেক অন্ধকার দিক নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।
১৮ মার্চ তার জন্মদিনে উঠে এল এমনই এক চাঞ্চল্যকর তথ্য।
সাধারণত কাস্টিং কাউচ বা যৌন হেনস্থার কথা উঠলে শুধু নারী অভিনয়শিল্পীদের কথা সামনে আসে। কিন্তু শশী কাপুর সেই সময়ে দাঁড়িয়ে পুরুষদের হেনস্তা নিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, কেবল মহিলারা নন, বলিউডে নবাগত পুরুষ অভিনেতারাও অনেক সময় প্রভাবশালী ব্যক্তিদের লালসার শিকার হতেন।

শশী কাপুর এক সাক্ষাৎকারে কারো নাম সরাসরি না নিলেও জানিয়েছিলেন যে, সেই যুগে অনেক নামী বা সিনিয়র নায়িকারা নতুন নায়কদের সুযোগ নেওয়ার চেষ্টা করতেন। শশীর দাবি অনুযায়ী, বড় নায়িকাদের ঘনিষ্ঠ হতে পারলেই সিনেমায় কাজ পাওয়া সহজ হবে-এমন একটি অলিখিত নিয়ম তখন চালু ছিল। সঞ্জয় খান কিংবা ধর্মেন্দ্রর মতো অভিনেতাদেরও ক্যারিয়ারের শুরুতে এমন কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছিল। সেই সময়ে সুপারস্টার ধর্মেন্দ্রর সঙ্গে কিংবদন্তি অভিনেত্রী মীনা কুমারীর ঘনিষ্ঠতা নিয়ে যে গুঞ্জন ছিল, শশীর মন্তব্যে পরোক্ষভাবে তারই ইঙ্গিত পাওয়া গিয়েছিল।
শশী কাপুরের এই সাহসী মন্তব্য সেই সময় ইন্ডাস্ট্রিতে বেশ শোরগোল ফেলে দিয়েছিল। আজ তার জন্মদিনে অনুরাগীরা কেবল তার অভিনয় নয়, বরং সত্য বলার এই অদম্য সাহসকেও শ্রদ্ধাভরে স্মরণ করছেন।
কেএন/এসএন