© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গত সরকার ১০টি টাকাও ফান্ড রেখে যায়নি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

শেয়ার করুন:
গত সরকার ১০টি টাকাও ফান্ড রেখে যায়নি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৫৯ পিএম | ১৮ মার্চ, ২০২৬
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, গত সরকার সমাজকল্যাণ মন্ত্রণালয়ে ১০টি টাকাও ফান্ড রেখে যায়নি। তা সত্ত্বেও বর্তমান সরকার প্রতিটি ইউনিয়নের মসজিদ, মন্দির ও গোরস্থানের জন্য ৩০ লাখ টাকা করে বরাদ্দ দিয়েছে।

বুধবার (১৮ মার্চ) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ হলরুমে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ ও গরিবদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, জনগণের সহযোগিতা পেলে সরকার একটি দুর্নীতি ও মাদকমুক্ত সুন্দর সমাজ উপহার দিতে পারবে।

অনুষ্ঠানে মন্ত্রী জানান, আগামী তিন মাসের মধ্যে দেশে বিজ্ঞানসম্মত ডিজিটাল 'হেলথ কার্ড' বিতরণ করা হবে, যাতে রোগীর শারীরিক অবস্থা ও চিকিৎসার সমস্ত রেকর্ড সংরক্ষিত থাকবে। এর ফলে যেকোনো স্থানে ডাক্তার দেখালে চিকিৎসকরা কার্ড দেখেই রোগীর সব সমস্যা বুঝতে পারবেন। এছাড়া নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণ, কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণের সুদ মওকুফ এবং আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দেওয়ার বিষয়টিও তিনি তার বক্তব্যে তুলে ধরেন।

মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার এম এ মুহাইমিন আল জিহানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজিব মিয়া, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মন্ত্রী উপজেলার ২৮২ জন দুস্থ ও গরিব মানুষের মাঝে ঈদের অনুদান বিতরণ করেন।

এমআই/এসএন

মন্তব্য করুন