© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মাইক্রোবাসে বাসের ধাক্কা, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩ কিলোমিটার যানজট

শেয়ার করুন:
মাইক্রোবাসে বাসের ধাক্কা, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩ কিলোমিটার যানজট

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৩২ পিএম | ১৮ মার্চ, ২০২৬
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি মাইক্রোবাস দুর্ঘটনার শিকার হয়েছে। এতে মাইক্রোবাসের চালক ও যাত্রীরা আহত হয়েছেন। তবে কারও নিহতের খবর পাওয়া যায়নি। এ দুর্ঘটনার ফলে মহাসড়কে প্রায় ৩ কিলোমিটার যানজট সৃষ্টি হয়।

বুধবার (১৮ মার্চ) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, বুধবার দুপুরে মহাসড়কের মাধাইয়া এলাকায় চট্টগ্রামমুখী লেনে চলা একটি দ্রুতগতির মাইক্রোবাসকে পেছন থেকে ধাক্কা দেয় মারসা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস। এতে মাইক্রোবাসটি সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে যায়। মাইক্রোবাসে ঠিক কতজন যাত্রী ছিলেন তা জানা যায়নি। তবে তাদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে তাৎক্ষণিক পাঠানো হয়।

অপরদিকে দুর্ঘটনার পর মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে অন্তত ৩ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ রেকার নিয়ে ঘটনাস্থলে এসে দুর্ঘটনা কবলিত মাইক্রোবাস এবং মারসা পরিবহন বাসটি উদ্ধার করে সড়কের পাশে নিয়ে যায়। প্রতিবেদন লেখা পর্যন্ত বেলা আড়াইটার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ওসি রুহুল আমিন দেশের একটি গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত মাইক্রোবাস এবং মারসা পরিবহন বাসটিকে উদ্ধার করেছে। গাড়িগুলো উদ্ধারের পর যানজট নিরসন হয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ দুর্ঘটনায় ঠিক কতজন আহত হয়েছেন আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খবর নিয়ে শুধুমাত্র চালক সেখানে চিকিৎসা নিচ্ছেন বলে জানতে পেরেছি।

ইউটি/টিএ

মন্তব্য করুন