ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে হামলা
ছবি: সংগৃহীত
০৩:৩৬ পিএম | ১৮ মার্চ, ২০২৬
ইরানের বুশেহর পরমাণু বিদ্যুৎকেন্দ্রের নিকটবর্তী একটি এলাকায় একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। মঙ্গলবার সন্ধ্যায় ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি বলে ইরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে (আইএইএ) জানিয়েছে।
জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থাটি বলেছে, ‘ইরান আইএইএ-কে জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চত্বরে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। বিদ্যুৎকেন্দ্রের কোনো ক্ষয়ক্ষতি বা কর্মীদের আহত হওয়ার খবর পাওয়া যায়নি।’ ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েল যুদ্ধের তৃতীয় সপ্তাহে এই হামলাটি চালানো হলো।
পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকি এড়াতে এই সংঘাত চলাকালীন সর্বোচ্চ সংযম প্রদর্শনের জন্য আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি তাঁর আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। ইরানের পারমাণবিক শক্তি সংস্থা দিনের শুরুতে এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে।
দেশটির তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, সন্ধ্যা ৭টার দিকে বন্দরনগরী বুশেহরের পরমাণু বিদ্যুৎকেন্দ্রের কাছাকাছি ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি সংস্থা রোসাটম মঙ্গলবার এই হামলার নিন্দা জানিয়েছে। তারা আরো বলেছে, বিদ্যুৎকেন্দ্রটির চারপাশের তেজস্ক্রিয়তার মাত্রা স্বাভাবিক ছিল। এই কেন্দ্রটির নির্মাণকাজ ১৯৭০-এর দশকে একটি জার্মান সংস্থা শুরু করেছিল এবং পরে রাশিয়া তা সম্পন্ন করে।
সূত্র : আল-অ্যারাবিয়া।
আইকে/টিকে