কী হয়েছিল অভিনেতা শামস সুমনের?
ছবি: সংগৃহীত
০৩:৫৪ পিএম | ১৮ মার্চ, ২০২৬
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন মারা গেছেন। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক ও সহকর্মী সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৫টার পর হঠাৎ অসুস্থতা অনুভব করেন শামস সুমন। তাৎক্ষণিকভাবে বিষয়টি তিনি সহকর্মীদের জানান। দ্রুত তাকে রাজধানীর গ্রিন রোড এলাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

হাসপাতাল থেকে অভিনেতা সুজাত শিমুল সংবাদমাধ্যমকে জানান, চিকিৎসকদের সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া গেছে যে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অর্থাৎ কার্ডিয়াক অ্যারেস্টের কারণেই তার মৃত্যু হয়েছে। একই তথ্য নিশ্চিত করেছেন নাট্য নির্মাতা রিপন রহমানও।
শামস সুমনের এমন আকস্মিক প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সহকর্মীদের মাঝে বিষাদ নেমে আসে। অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ এক শোকবার্তায় জানায়, সংগঠনের বর্তমান কার্যনির্বাহী পরিষদের সম্মানিত সহ-সভাপতি ও প্রিয় সহকর্মী শামস সুমন সন্ধ্যায় না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।
সংগঠনটি তার বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।নব্বইয়ের দশকের শেষভাগে টেলিভিশন নাটকের মাধ্যমে পর্দায় যাত্রা শুরু করেন শামস সুমন। এরপর দুই দশকেরও বেশি সময় ধরে মঞ্চ, ছোট পর্দা ও বড় পর্দায় দাপটের সঙ্গে কাজ করেছেন তিনি।
ক্যারিয়ারের সুবর্ণ সময়ে তিনি অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করে দর্শকের হৃদয়ে জায়গা করে নেন। অভিনয়ের স্বীকৃতিস্বরূপ অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। যদিও সাম্প্রতিক বছরগুলোতে অভিনয়ে তাকে খুব একটা নিয়মিত দেখা যাচ্ছিল না।
পিআর/টিকে