আবার স্থবির চট্টগ্রাম বিমানবন্দর, ১৩৭ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল
ছবি: সংগৃহীত
০৪:২০ পিএম | ১৮ মার্চ, ২০২৬
চট্টগ্রাম বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল আবারও স্থবির হয়ে পড়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি তীব্র আকার ধারণ করায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ, দুবাই ও আবুধাবি থেকে চট্টগ্রামে আসা ফ্লাইটগুলো স্থগিত করা হয়েছে। এ পর্যন্ত মোট ১৩৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।
চট্টগ্রাম বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, গতকাল মঙ্গলবার ৯টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে, সেই সাথে ৭টি ফ্লাইট সচল ছিল।
বিস্তারিত তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা ১টি এরাইভাল ও ১টি ডিপার্চার ফ্লাইট বাতিল হয়েছে। ইউএস-বাংলা এয়ারলাইনসের দুবাই থেকে আসা ১টি এরাইভাল ফ্লাইট বাতিল হয়েছে। এয়ার আরাবিয়ার শারজাহ থেকে আগত ২টি এরাইভাল এবং শারজাহগামী ২টি ডিপার্চার ফ্লাইট বাতিল হয়েছে। এছাড়া সালাম এয়ারের মাস্কাট থেকে আগত ১টি এরাইভাল ও ১টি ডিপার্চার ফ্লাইট বাতিল হয়েছে।
এর পাশাপাশি, মধ্যপ্রাচ্য থেকে আগত ৪টি এরাইভাল ফ্লাইট এবং ৩টি ডিপার্চার ফ্লাইট সচল ছিল। চট্টগ্রাম বিমানবন্দরের এ পরিস্থিতিতে যাত্রীরা ফ্লাইটে যাত্রা করতে সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হচ্ছে এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে ফ্লাইট চলাচল পুনরায় শুরু করা হবে।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে এই স্থবিরতার কারণে মোট ১৩৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে, যা চট্টগ্রাম বিমানবন্দরের ইতিহাসে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে।
ইউটি/টিএ