প্যালেস্টাইন নিয়ে প্রিয়াঙ্কাকে ‘ভীতু ও স্বার্থপর’ বললেন ধ্রুব!
ছবি: সংগৃহীত
০৪:৫৮ পিএম | ১৮ মার্চ, ২০২৬
ধ্রুব রাঠীর সমালোচনায় আবারও আলোচনায় এলেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। অস্কারের মঞ্চে একটি পুরস্কার ঘোষণার সময় তাঁর পাশে দাঁড়িয়ে ছিলেন হাভিয়ের বারদেম। সেই সময় হাভিয়ে বারদেম ‘মুক্ত প্যালেস্তাইন’-এর পক্ষে বক্তব্য দেন। মঞ্চে দাঁড়িয়ে প্রিয়াঙ্কাকে মাথা নেড়ে প্রতিক্রিয়া জানাতে দেখা যায়। অনেকেই সেই মুহূর্তকে সমর্থনের ইঙ্গিত হিসেবে দেখলেও, পরে সেই অভিব্যক্তিকেই কেন্দ্র করে নতুন বিতর্কের জন্ম হয়েছে।
সমাজমাধ্যমে এই প্রসঙ্গ তুলে সরব হয়েছেন ধ্রুব রাঠী তাঁর বক্তব্য, শুধু নীরব থেকে বা স্পষ্ট অবস্থান এড়িয়ে গিয়ে এমন গুরুত্বপূর্ণ মানবিক প্রশ্নে দায় এড়ানো যায় না। প্রিয়াঙ্কার প্রতিক্রিয়া নিয়ে তিনি বলেন, বাইরে থেকে তা নিরপেক্ষ মনে হলেও, আসলে সেটিই সমস্যার জায়গা কারণ এমন অবস্থানে থাকা মানুষদের পক্ষ না নিয়েও নিরাপদে থাকা সম্ভব হয়।

ধ্রুবের মতে, যাঁদের জীবনে যুদ্ধের অভিঘাত সরাসরি এসে পড়েনি, তাঁদের পক্ষে দূর থেকে নির্লিপ্ত থাকা সহজ। তিনি বলেন, নিজের ঘরের উপর বোমা না পড়লে অনেকেই মানবিক বিপর্যয়ের গভীরতা অনুভব করতে পারেন না। তাঁর দাবি, এই প্রশ্নে বিশ্বের বহু তারকা স্পষ্ট অবস্থান নিয়েছেন, যুদ্ধের বিরুদ্ধে কথা বলেছেন, কিন্তু বলিউডের বড় অংশ এখনও অস্বস্তিকর নীরবতায় আচ্ছন্ন।
এই প্রসঙ্গ টেনে বলিউডের তারকাদেরও একহাত নেন ধ্রুব। তাঁর অভিযোগ, বড় তারকারা প্রায়ই এমন সব বিষয়ে মন্তব্য করতে চান না, যাতে ক্ষমতাসীনদের সঙ্গে দূরত্ব তৈরি হতে পারে। ব্যক্তিগত সুবিধা-অসুবিধার হিসাব কষতে গিয়েই তাঁরা অনেক সময় নৈতিক অবস্থান প্রকাশ থেকে সরে আসেন।
অস্কারের সেই সংক্ষিপ্ত মুহূর্ত এখন তাই নতুন করে আলোচনায়। প্রিয়াঙ্কা এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো বক্তব্য দেননি। বলিউড থেকেও আসেনি প্রকাশ্য প্রতিক্রিয়া। তবে ধ্রুব রাঠীর মন্তব্যের পর সমাজমাধ্যমে বিষয়টি ঘিরে বিতর্ক আরও তীব্র হয়েছে।
পিআর/টিকে