রাজশাহীতে চিরনিদ্রায় শায়িত হবেন শামস সুমন
ছবি: সংগৃহীত
০৫:০৮ পিএম | ১৮ মার্চ, ২০২৬
রাজশাহীতে চিরনিদ্রায় শায়িত হবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে জানাজা শেষে তাকে নগরীর হেতেম খাঁ কবরস্থানে দাফন করা হবে। তথ্যটি নিশ্চিত করেছেন অভিনেতার ছোট ভাই রাশেদ রিপন।
তিনি বলেন, ‘ভাবিরা লন্ডন থেকে রওনা দিয়েছেন। রাতে দেশে পৌঁছাবেন। এরপর ভাইয়ের মরদেহ রাজশাহীতে নিয়ে আসা হবে। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী নগরীর লক্ষ্মীপুর ঝাউতলা জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে হেতেম খাঁ কবরস্থানে দাফন করা হবে।’
১৯৬৭ সালে রাজশাহীতে জন্ম শামস সুমনের। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মার্কেটিং বিভাগ থেকে তিনি স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। স্কুলজীবন থেকেই তিনি বেতারে অভিনয়ের সঙ্গে যুক্ত হন।
শামস সুমনের ক্যারিয়ার শুরু হয়েছিল মঞ্চনাটকের মাধ্যমে। পরে টিভি নাটকে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন। অসংখ্য দর্শকপ্রিয় নাটক রয়েছে তার ঝুলিতে। সুপরিচিত এই অভিনেতা ‘রেডিও ভূমি’তে স্টেশন চিফ হিসেবে কর্মরত ছিলেন।
প্রসঙ্গত, ২০০৮ সালে ‘স্বপ্নপূরণ’ চলচ্চিত্রে পার্শ্বচরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। দীর্ঘ অভিনয় জীবনে দর্শকদের তিনি উপহার দিয়েছেন ‘মন জানে না মনের ঠিকানা’, ‘কক্সবাজারে কাকাতুয়া’, ‘চোখের দেখা’, ‘প্রিয়া তুমি সুখী হও’, ‘আয়না কাহিনী’, ‘বিদ্রোহী পদ্মা’, ‘জয়যাত্রা’, ‘নমুনা’, ‘হ্যালো অমিত’সহ বেশ কিছু সিনেমা।
আইকে/টিকে