মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
ছবি: সংগৃহীত
০৫:২৯ পিএম | ১৮ মার্চ, ২০২৬
ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে উজ্জ্বল হোসেন (৩৫) নামের এক যুবক আহত হয়েছে।
বুধবার (১৮ মার্চ) ভোররাতে মহেশপুর ৫৮ বিজিবির অধিনস্ত শ্যামকুড় বিওপির মেইন পিলার থেকে প্রায় ৫০ গজ ভারতের অভ্যন্তরে ফটিককারী নামক স্থানে এ ঘটনা ঘটে।। আহত উজ্জল হোসেন উপজেলার মাইলবাড়িয়া বসতি পাড়া গ্রামের তোতা মিয়ার ছেলে।
এলাকাবাসী জানান, উজ্জল হোসেন বুধবার ভোরে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে ১৯৪ বিএসএফ ব্যাটেলিয়নের অধীন ফটিকারি ক্যাম্পের টহল দল তাকে লক্ষ্য করে ১ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে আহত হন।
তিনি সীমান্তে মাদক চোরাচালানের সঙ্গে জড়িত থাকতে পারে বলে ধারণা। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য যশোর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে বিজিবি ও পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এসএস/টিকে