আ. লীগের কার্যালয়ে ব্যানার টানিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি
ছবি: সংগৃহীত
০৫:৪৬ পিএম | ১৮ মার্চ, ২০২৬
শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী উপলক্ষে খুলনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ে ব্যানার টানিয়ে কর্মসূচি পালন করেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।
বুধবার (১৮ মার্চ) সকালে নগরীর লোয়ার যশোর রোডের শঙ্ক মার্কেট এলাকায় শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার নামে স্লোগান দিয়ে দুটি ব্যানার টানিয়ে দেওয়া হয়। এ সময় ছাত্রলীগ নেতাকর্মীরা দলীয় কার্যক্রমে নিষেধাজ্ঞার বিরুদ্ধেও স্লোগান দেন এবং সংগঠনের নির্দেশনা অনুযায়ী নিয়মিত কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
তারা বলেন, বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করেই সংগঠনের কার্যক্রম অব্যাহত থাকবে। একইভাবে দলীয় ও জাতীয় সকল কর্মসূচি পালনের অঙ্গীকারও করেন তারা। পরে সেটি কে কারা নামিয়ে ফেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টা থেকে ৮টার মধ্যে ১২-১৩ জন ছাত্রলীগকর্মী দলীয় কার্যালয়ের নিচে অবস্থান নিয়ে দলীয় নিষেধাজ্ঞা, বঙ্গবন্ধুর জন্মদিন ঘিরে বিভিন্ন স্লোগান দেন। এক পর্যায়ে তারা দলীয় কার্যালয়ের ছাদ থেকে বঙ্গবন্ধুর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে ব্যানার টানিয়ে দেন। পরে তারা এলাকা ত্যাগ করেন।
এ বিষয়ে সংগঠনটির দায়িত্বশীল কারো সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, সকালে কয়েক ব্যক্তি শঙ্ক মার্কেট এলাকার কার্যালয়ের উপরে প্যানা টানিয়ে স্লোগান দেয়।
পরে সেই প্যানাটি সরিয়ে ফেলা হয়েছে। আইন অনুযায়ী এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এসএস/টিকে