তারেক রহমানের পক্ষে বরিশালে হাজারো মানুষকে খাদ্য সহায়তা
ছবি: সংগৃহীত
০৭:০৮ পিএম | ১৮ মার্চ, ২০২৬
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে বরিশালে দুস্থ ও অসহায় মানুষদের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) দুপুরে বরিশাল নগরের সিঅ্যান্ডবি রোড, কাজীপাড়া এলাকায় অবস্থিত নিজ বাসভবনের সামনে হাজারো মানুষের মধ্যে এ সহায়তা দেন বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন।
সেসময় তিনি বলেন, প্রতিবছরের ন্যায় এবারও বরিশাল নগরের ত্রিশটি ওয়ার্ডের অসহায় এবং দুস্থ মানুষদের মধ্যে আমাদের দেশনায়ক তারেক রহমানের পক্ষে খাদ্য সহায়তা দিচ্ছি। এখানে চাল, ডাল, পেঁয়াজ, আলু, তেলসহ বিভিন্ন খাদ্যসামগ্রী দেওয়া হচ্ছে।
এ কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে এবং এর পরিধি যাতে আরও বৃদ্ধি করতে পারি সেই দোয়া সবাই করবেন।
ঈদের আগে সহায়তা পেয়ে খুশি হয়েছেন উপকারভোগীরা। তারা জানিয়েছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এ বাজারে ঈদের আগে এমন সহায়তা কাজে আসবে তাদের। এসময় তারা তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন এবং তিনি যেন সবসময় সাধারণ মানুষের পাশে থাকেন, সেই প্রত্যাশা ব্যক্ত করেন।
এসএস/টিকে