চাঁপাইনবাবঞ্জে চাল না পেয়ে ইউপি চেয়ারম্যানকে অবরুদ্ধ
ছবি: সংগৃহীত
০৮:০৭ পিএম | ১৮ মার্চ, ২০২৬
অবশেষে ঈদের বিশেষ ভিজিএফর চাল পাচ্ছেন চাঁপাইনবাবঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের সেই ১০০ কার্ডধারী। চাল না পেয়ে বিক্ষুব্ধ হয়ে তারা মঙ্গলবার (১৭ মার্চ) ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফকে তার কার্যালয়ে অন্তত ৩ ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন।
এ নিয়ে ব্যাপক সমালোচনা হলে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তৌফিক আজিজের হস্তক্ষেপে ওই কার্ডধারীদের বৃহস্পতিবার (১৯ মার্চ) চাল দেওয়ার ব্যবস্থা করেছে ইউপি কর্তৃপক্ষ।
ইউএনও বলেন, ‘কী কারণে ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।
খবর পেয়ে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। কার্ডধারীদের চাল দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।’ তিনি বলেন, ওই ইউনিয়নে ৫ হাজার ২৪৩ জনকে কার্ড দেওয়া হয়। যাদের ১০ কেজি করে চাল পাওয়ার কথা। কিন্তু নির্ধারিত সূচি ১৪-১৬ মার্চ তিন দিন বিতরণের পর ১৭ তারিখে ওই কার্ডধারীরা আসার পর চাল দিতে না পারায় জটিলতা সৃষ্টি হয়।
এ ব্যাপারে চেয়ারম্যান আব্দুল লতিফের সাথে মুঠোফোনে যোগাযোগ করে তাঁকে পাওয়া যায়নি। প্যানেল চেয়ারম্যান রাজ্জাক আলী বলেন, বস্তায় চাল কম ছিল। না হলে সময়ের পরে এলেও চাল দেওয়া হতো। এক পর্যায়ে যারা চাল পাননি তাদের টাকা দেওয়ার কথা ভাবা হয়। কিন্তু এর মধ্যে দুপুর ১২টার দিক থেকে বিকেল প্রায় ৩টা পর্যন্ত চেয়ারম্যান অবরুদ্ধ হন। চালের সুরাহা করে যাওয়ার জন্য চাপ দেন কার্ডধারীরা। এ সময় চেয়ারম্যান মোবাইল ফোনও ব্যবহার করতে পারেননি।
ইউপি সদস্য ইলিয়াস উদ্দিন বলেন, প্রতিটি ৩০ কেজির বস্তায় খাদ্য গোডাউন থেকে ইউপি গোডাউনে চাল আনা হয়। কিন্তু চাল ওজন করে বুঝে নেওয়া হয়নি। এ থেকেই সমস্যার সৃষ্টি এবং ওই হট্টগোল বাধে।
ইউপি প্রশাসনিক কর্মকর্তা আব্দুল মতিন বলেন, সমস্যার সমাধান করা হয়েছে। বৃহস্পতিবার চাল পাবেন কার্ডধারী বঞ্চিতরা।
ইউটি/টিএ