মরতে চেয়েছিলাম, বেঁচে ফিরব ভাবিনি: অনুরাগ ডোভাল
ছবি: সংগৃহীত
০৮:৩১ পিএম | ১৮ মার্চ, ২০২৬
‘বিগ বস ১৭’-এর প্রাক্তন প্রতিযোগী অনুরাগ ডোভাল ফের আলোচনার কেন্দ্রে। সম্প্রতি ফুসফুসে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। দিন দুই আগে তার সহকারী জানিয়েছিলেন, অনুরাগের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। তবে নিজেই সম্প্রতি সামাজিক মাধ্যমে ছবি ও বার্তা দিয়ে জানিয়েছেন, তিনি সুস্থ আছেন এবং আগের তুলনায় অনেক ভালো অনুভব করছেন।
অসুস্থতার সময় হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ বিভাগে ছিলেন অনুরাগ। সেই সময় নিজেই ভক্তদের জানিয়েছেন, “ভাল আছি। এভাবে বেঁচে ফিরব ভাবতে পারিনি। মরতে গিয়েছিলাম, এটাই আমার কাছে অনেকটা নবজন্ম।” অনুরাগ আরও জানান, ঈশ্বর হয়তো তার জন্য অন্য কিছু ভেবে রেখেছেন।

অসুস্থতার সময় ভক্তদের প্রার্থনা ও শুভেচ্ছার জন্য অনুরাগ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, “আমার জন্য আপনারা কয়েকটি দিন আশঙ্কার মধ্যে কাটিয়েছেন। আপনাদের অনেক কষ্ট দিলাম, তার জন্য ক্ষমাপ্রার্থী।”
প্রসঙ্গত, ফেব্রুয়ারি মাসে চলন্ত গাড়ি থেকে সরাসরি সামাজিক মাধ্যমে তিনি আত্মহত্যার ইঙ্গিত দেন। পরিবার ও পারিপার্শ্বিক সমস্যার অভিযোগ তুলে জীবন শেষ করার সিদ্ধান্ত নেন। এরপর দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন। সেই ঘটনার পরই দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন অনুরাগ। বর্তমানে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।
শরীরিক সঙ্কট পার হওয়ার পরও অনুরাগ নিজের জীবনের গল্প, ভক্তদের কৃতজ্ঞতা এবং নতুন শুরু সম্পর্কে উন্মুক্ত মনের বার্তা দিচ্ছেন।
পিআর/টিকে