ঈমানদারির সঙ্গে দায়িত্ব পালন করতে চাই : খাদ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত
০৮:৪০ পিএম | ১৮ মার্চ, ২০২৬
খাদ্য, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, ‘আমরা আমাদের দায়িত্ব পালনে শতভাগ সিরিয়াস থাকতে চাই। এক্ষেত্রে আমি সাংবাদিকদের সহযোগিতা চাই।’
তিনি আরো বলেন, ‘আমি আমার ব্যাপারে স্পষ্ট বলতে চাই—যেই কয়েকদিন আল্লাহ, জনগণ ও মাননীয় প্রধানমন্ত্রী আমাকে এ দায়িত্বে রাখে আমি আন্তরিকতার সঙ্গে, সততার সঙ্গে, ঈমানদারির সঙ্গে এ দায়িত্ব পালন করতে চাই।’
বুধবার (১৮ মার্চ) বিকালে কুমিল্লা নগরীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত একটি ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, ‘এই দেশটা সুন্দর। এটার মতো ভালো দেশ পৃথিবীতে আর নেই। এখন প্রয়োজন এটাকে সুন্দরভাবে পরিচালনা করা। আমি দোয়া ও পরামর্শ চাই আপনাদের কাছে।
আপনাদের লেখনীর মাধ্যমে যেন আমরা সুন্দরভাবে আগামী দিনে সত্যিকার অর্থে একটা উন্নত দেশে রূপান্তর করতে পারি।’
ইফতার মাহফিলে সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, ‘আমি সিটি প্রশাসক নিযুক্ত হওয়ার পর কুমিল্লার মানুষ আমার কাছে বেশি প্রত্যাশা করছে—এটা তাদের অধিকার। আমি সাংবাদিকদের কাছে অনুরোধ করছি, কুমিল্লার যে সমস্যাগুলো আছে আমরা সবাই এ বিষয়ে অবগত আছি।
একটি একটি সমস্যা চিহ্নিত করে তা সমাধান করতে চাই। মহানগর যুবদল নেতা আসিফ বিল্লাহর সঞ্চালনায় ইফতার মাহফিলে আরো বক্তব্য দেন কুমিল্লা সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া। উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি এনামুল হক ফারুক, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সাবেক সাধারণ সম্পাদক ও কুমিল্লার কাগজ সম্পাদক আবুল কাশেম হৃদয়, বিএনপি নেতা নিজামুদ্দিন কায়সার।
ইউটি/টিএ