© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

'জুলাই সনদের যেসব বিষয়ে বিএনপি একমত হয়েছিল, সরকার সেসব বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ'

শেয়ার করুন:
'জুলাই সনদের যেসব বিষয়ে বিএনপি একমত হয়েছিল, সরকার সেসব বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ'

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪৯ পিএম | ১৮ মার্চ, ২০২৬
ফ্যামিলি কার্ড, খাল খনন কর্মসূচি, কৃষক কার্ডের মতো জনকল্যাণমুখী কাজকে নতুন সরকারের বড় অর্জন হিসেবে অভিহিত করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় জুলাই সনদ ইস্যুতে দল যেসব বিষয়ে একমত হয়েছিল, সেসব বাস্তবায়নে সরকার কাজ করবে বলেও জানান তিনি।

বুধবার (১৮ মার্চ) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, জুলাই সনদের যেসব বিষয় নিয়ে বিএনপি একমত হয়েছিল, সরকার সেসব বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। কোনকিছু চাপিয়ে দেওয়া তো ঠিক হবে না। তবুও সংসদে বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা হবে, ওয়াকআউট হবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য।

তিনি বলেন, দেশে এখন মব কালচার নেই বললেই চলে। নতুন দুর্নীতি কমিশন গঠন হবে, দুর্নীতি দমনের প্রশ্নে কোন আপস হবে না। স্থানীয় সরকারের নির্বাচন চলতি বছরের মধ্যেই আয়োজিত হবে বলে জানান মন্ত্রী। পাশাপাশি বিএনপির কাউন্সিলও এ বছর অনুষ্ঠিত হবে।

এসময় দলীয় সরকার স্বাভাবিকভাবেই দলীয় লোকদের নিয়োগ দেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, এটা নিয়ে সমালোচনার কিছু নেই। বলেন, দলীয় লোক নিয়োগ নিয়ে বিএনপির অতীতের রেকর্ড খারাপ না। যাদের নিয়োগ দেওয়া হয়েছে তারা যোগ্য।

ইউটি/টিকে

মন্তব্য করুন