মৈনাক ভৌমিকের নতুন সিরিজে নায়িকা হিসাবে দেখা যাবে অনুষাকে!
ছবি: সংগৃহীত
১০:২১ পিএম | ১৮ মার্চ, ২০২৬
মৈনাক ভৌমিকের নতুন ধারাবাহিকে এবার মুখ্য চরিত্রে দেখা যাবে অনুষা বিশ্বনাথনকে। জন্মদিনের পরপরই অভিনেত্রীকে ঘিরে নতুন কাজের এই খবর সামনে আসতেই দর্শকের আগ্রহ বেড়েছে। ছোট পর্দা ও ডিজিটাল মাধ্যমে আগেও কাজ করলেও এবার তিনি যুক্ত হচ্ছেন এমন এক গল্পে, যেখানে প্রেম, সম্পর্ক আর কল্পনার মিশেলে তৈরি হচ্ছে ভিন্ন স্বাদের উপস্থাপনা।
নির্মাতা মৈনাক ভৌমিক জানিয়েছেন, এই ধারাবাহিকের কেন্দ্রেই থাকছে সম্পর্কের টানাপোড়েন। অনুষার বিপরীতে থাকছেন শাওন চক্রবর্তী। সাম্প্রতিক সময়ে একাধিক কাজের কারণে আলোচনায় থাকা শাওনকে নতুন এই গল্পে এক ভিন্ন চরিত্রে দেখা যাবে বলেই ধারণা করা হচ্ছে। নির্মাতার ভাষ্যে, এটি শুধুই সম্পর্কের গল্প নয়, বরং সম্পর্কের ভেতরে কল্পনার এক আবহ তৈরি করা হয়েছে, যেখানে বাস্তব আর অবাস্তবের সীমারেখা ইচ্ছাকৃতভাবেই অস্পষ্ট রাখা হয়েছে।
গল্পের পটভূমি কোনো নির্দিষ্ট শহর বা জায়গায় আটকে রাখা হয়নি। যদিও ধারাবাহিকটির দৃশ্যধারণ হয়েছে কলকাতার বিভিন্ন এলাকায়, তবু কাহিনির ভৌগোলিক পরিচয় স্পষ্ট করে না রেখে নির্মাতা এক ধরনের অনির্ধারিত আবহ তৈরি করতে চেয়েছেন। তাঁর মতে, কল্পনার আবরণে সম্পর্ক কতটা টিকে থাকে, কতটা ভেঙে যায় সেই প্রশ্নই গল্পের মূল চালিকা শক্তি।

জানা গেছে, নতুন একটি ডিজিটাল মাধ্যমে প্রকাশ পাবে এই ধারাবাহিক। একই মাধ্যমে আরও কয়েকটি নতুন কাজও তৈরি হচ্ছে। এর মধ্যে রয়েছে শ্যামৌপ্তি মুদলি, সৌম্য মুখোপাধ্যায় ও সুহোত্র মুখোপাধ্যায়কে নিয়ে আরেকটি নতুন ধারাবাহিক। পাশাপাশি নির্মাতা দেবালয় ভট্টাচার্যও একই মাধ্যমে নতুন কাজ প্রস্তুত করছেন বলে জানা যাচ্ছে।
নতুন প্ল্যাটফর্ম ঘিরে ধারাবাহিক নির্মাণের এই প্রস্তুতির মধ্যে অনুষা ও শাওনকে নিয়ে মৈনাকের এই কাজটি ইতিমধ্যেই আগ্রহের কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। সম্পর্কের গল্পে কল্পনার স্পর্শ কতটা দর্শককে টানতে পারে, এখন সেই অপেক্ষাই।
পিআর/টিকে