কেন কখনও মদ ছোঁননি আয়ুষ্মান ও অপারশক্তি!
ছবি: সংগৃহীত
১০:৩০ পিএম | ১৮ মার্চ, ২০২৬
রুপালি পর্দার ঝলমলে জীবনের মধ্যেও ব্যক্তিজীবনে আলাদা নিয়ম মেনে চলেন আয়ুষ্মান খুরানা ও অপারশক্তি খুরানা। দুই ভাইয়ের সাম্প্রতিক এক বক্তব্যে উঠে এসেছে, আজ পর্যন্ত তাঁরা কেউই মদ স্পর্শ করেননি। এই সিদ্ধান্তের পেছনে রয়েছে শৈশব থেকে পরিবারে গড়ে ওঠা কঠোর কিন্তু যুক্তিসঙ্গত শৃঙ্খলা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আয়ুষ্মান জানান, তাঁদের জীবনে যা কিছু অর্জন, তার বড় ভিত্তি চাপমুক্ত পরিবেশে বড় হওয়া। তবে সেই পরিবেশে কিছু নিয়ম ছিল অত্যন্ত স্পষ্ট। নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া, ভোরে ঘুম থেকে ওঠা এবং দৈনন্দিন অভ্যাসে শৃঙ্খলা বজায় রাখা এসব বিষয়ে তাঁদের বাবা ছিলেন খুবই কঠোর। ছোটবেলায় এই কড়াকড়ি বুঝতে না পেরে তিনি মায়ের কাছে প্রশ্ন করতেন, কেন এত বকাঝকা করা হয়।

সেই সময় মা একটি সহজ ব্যাখ্যা দিতেন যারা ঘুমিয়ে থাকে, তাদের ভাগ্যও ঘুমিয়ে থাকে। তৃতীয় শ্রেণিতে পড়ার সময় শোনা সেই কথাই পরে গভীরভাবে গেঁথে যায় আয়ুষ্মানের মনে। তিনি জানান, জীবনের নানা পর্যায়ে সেই শিক্ষাই তাঁকে নিয়মানুবর্তিতার দিকে ফিরিয়ে এনেছে।
আয়ুষ্মানের ভাষ্য, তাঁদের পরিবারে মদ্যপান না করার বিষয়টি কখনও জোর করে চাপিয়ে দেওয়া হয়নি, বরং সেটিকে যুক্তিযুক্ত সীমারেখা হিসেবে বোঝানো হয়েছিল। সেই কারণেই তিনি ও তাঁর ভাই কেউই কখনও মদ ছোঁয়ার প্রয়োজন অনুভব করেননি। শুধু তাই নয়, চেষ্টা করার কথাও ভাবেননি।
পেশা নির্বাচনের ক্ষেত্রেও পরিবার থেকে কোনো বাধা ছিল না বলে জানিয়েছেন তিনি। অভিনয়জগতে আসা, নিজের পথ বেছে নেওয়া কিংবা ব্যক্তিগত সিদ্ধান্ত—সবকিছুতেই স্বাধীনতা পেয়েছেন। কিন্তু সেই স্বাধীনতার সঙ্গে যে দায়িত্ববোধও জড়িয়ে থাকে, সেটিই তাঁদের জীবনে সবচেয়ে বড় প্রভাব ফেলেছে।
চণ্ডীগড়ের সাধারণ পারিবারিক পরিবেশ থেকে উঠে এসে আজ মুম্বাইয়ের ব্যস্ত চলচ্চিত্রজগতে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন দুই ভাই। তবু পারিবারিক শিক্ষার সেই ভিত এখনো অটুট রেখেছেন তাঁরা। আয়ুষ্মানের মতে, সম্মান আর আত্মনিয়ন্ত্রণের জায়গা থেকেই তাঁদের এই জীবনযাপন গড়ে উঠেছে।
পিআর/টিকে