ঈদ উপলক্ষে সরকার বহু পদক্ষেপ নিয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত
১০:৪০ পিএম | ১৮ মার্চ, ২০২৬
ঈদ উপলক্ষে বর্তমান সরকার বহু পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু। আজ বুধবার (১৮ মার্চ) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলা সদরের সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে দুস্থ ও অসহায় নারীদের মাঝে ঈদ উপহার বিতরণ শেষে এ কথা জানান তিনি।
শামা ওবায়েদ বলেন, আমাদের যোগাযোগ ও রেলমন্ত্রী মাঠে রয়েছেন। ঢাকাবাসীসহ বিভিন্ন জেলা ও উপজেলার মানুষ যাতে কোনো ভোগান্তি ছাড়াই নিরাপদে নির্বিঘ্নে বাড়িতে ফিরে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে পারেন সে লক্ষ্যে কাজ করছে সরকার।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে অস্থিরতা বিরাজ করছে। এই কারণে দ্রব্যমূল্য নিয়ে আমাদের জনগণ যাতে কোনো সমস্যায় না পড়ে বা তেল ও গ্যাস নিয়ে যাতে কোনো সমস্যা না হয়, সে জন্য সরকার কাজ করছে।
মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে। যারা দেশে ফিরতে পারছেন না, তারা যেন নিরাপদে থাকতে পারেন এবং দ্রুত দেশে ফিরতে পারেন সে বিষয়েও উদ্যোগ নেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যে ৫ জন মারা গেছেন। এর মধ্যে এক জনের মরদেহ দেশে আনা হয়েছে। বাকিদের মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয় আমরা কাজ করছি।
উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান, সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহিন মাতুব্বর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাসার আজাদ, যুবদল নেতা তৈয়বুর রহমান মাসুদ, এনায়েত হোসেন, হাসান আশরাফ, মিরান, ছাত্রদল নেতা সাইফুল আলম, রাজ প্রমুখ।
ইউটি/টিএ