জার্মানিতে শুক্রবার পবিত্র ঈদুল ফিতর
ছবি: সংগৃহীত
০৯:৩১ এএম | ১৯ মার্চ, ২০২৬
জার্মানিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে আগামীকাল (শুক্রবার)। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর বৃহত্তম এই উৎসবকে ঘিরে দেশটির প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে উৎসবের আমেজ বিরাজ করছে।
রাজধানী বার্লিনসহ জার্মানির প্রায় সব বড় শহরেই প্রবাসীদের উদ্যোগে বড় বড় ঈদ জামাতের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
ফ্রাঙ্কফুর্ট শহরের তিনটি স্থানে প্রবাসী বাংলাদেশিদের ঈদ জামাত অনুষ্ঠিত হবে। মাবিন মসজিদে তিনটি জামাত অনুষ্ঠিত হবে- সকাল ৭টা ৩০ মিনিটে জার্মান খুতবা ও বাংলা খুতবাসহ প্রথম জামাত এবং দ্বিতীয় ও তৃতীয় জামাত যথাক্রমে সকাল সাড়ে ৮টা এবং সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে।
এই শহরের প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে সেন্ট্রাল ট্রেন স্টেশন সংলগ্ন মুনশেনার স্রাসেতে একটি স্থায়ী মসজিদ ক্রয়ের চেষ্টা চলমান রয়েছে; সেখানে সকাল ৭টায় জার্মান এবং সাড়ে ৮টায় বাংলা খুতবাসহ দুটি জামাত অনুষ্ঠিত হবে। এ ছাড়া প্রবাসীদের উদ্যোগে সালবাও বরনহাইম অডিটোরিয়ামে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।
পার্শ্ববর্তী ওফেনবাখ শহরের ‘আইনহাইট ডেস ইসলামে’ প্রবাসী বাংলাদেশিদের ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৯টায়। মাইঞ্জ শহরের তাকওয়া মসজিদে ঈদের জামাত হবে সকাল সাড়ে ৭টা এবং সকাল সাড়ে ৮টায়। রাজধানী বার্লিনসহ জার্মানির সব বড় শহরেই প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে ঈদুল ফিতরের জামাতের আয়োজন করা হয়েছে।
আরআই/এসএন