বিটিএসের প্রত্যাবর্তন: নিরাপত্তার চাদরে মোড়ানো সিউল
ছবি: সংগৃহীত
০৯:৫৪ এএম | ১৯ মার্চ, ২০২৬
বিশ্বজুড়ে আলোড়ন তোলা কে-পপ ব্যান্ড বিটিএস এর বহুল প্রতীক্ষিত কামব্যাক অনুষ্ঠানকে ঘিরে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে এখন উৎসব ও সতর্কতার এক অনন্য মিশ্রণে আবৃত। ভক্তদের উচ্ছ্বাসের পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করতে নজিরবিহীন প্রস্তুতি নিয়েছে দক্ষিণ কোরিয়া সরকার।
বিটিএস দ্য কামব্যাক লাইভ আরিরাং অনুষ্ঠানটি শনিবার (২১ মার্চ) স্থানীয় সময় রাত ৮টা শুরু হবে। এই আয়োজনটি একই সময়ে অনলাইনে স্ট্রিমিং হবে জনপ্রিয় প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে।
কনসার্টটি অনুষ্ঠিত হবে ঐতিহাসিক গ্যাংওয়ামুন এলাকায়। এখানে প্রায় ২ লাখ ৬০ হাজার দর্শকের সমাগম ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। এত বড় জনসমাগমকে সামনে রেখে সরকার সন্ত্রাসবিরোধী সতর্কতার মাত্রা বাড়িয়েছে।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, জংনোগু এবং জংগু এলাকায় সন্ত্রাসবিরোধী সতর্কতার মাত্রা বাড়ানো হয়েছে। চার স্তরের সতর্কতা জারি করা হয়েছে। যা কয়েকদিন ধরে কার্যকর থাকবে।
নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে কনসার্ট ভেন্যু ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন, নিয়মিত টহল বৃদ্ধি এবং জরুরী পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বিত কার্যক্রম চালু করা হয়েছে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বড় ধরনের জনসমাগমে সম্ভাব্য ঝুঁকি এড়াতে এ ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে।
এদিকে, বিটিএস-এর এই কামব্যাক উপলক্ষে শুধু কনসার্টই নয়, শহরজুড়ে নানা আয়োজনও করা হয়েছে। ফ্যানদের জন্য বিশেষ ইভেন্ট, আলোকসজ্জা এবং লাইভ সম্প্রচারের ব্যবস্থাও রাখা হয়েছে, যা বিশ্বব্যাপী দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।
জানা যায়, বিটিএস-এর এই প্রত্যাবর্তন শুধু একটি সংগীতানুষ্ঠান নয়, বরং এটি এক বৈশ্বিক সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়েছে। তবে উচ্ছ্বাসের পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করতে সরকারের সতর্ক অবস্থানও সমানভাবে গুরুত্ব পাচ্ছে।
কেএন/এসএন