© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নির্মাতার বিরুদ্ধে মানহানির নোটিশ পাঠালেন অভিনেতা জীতু

শেয়ার করুন:
নির্মাতার বিরুদ্ধে মানহানির নোটিশ পাঠালেন অভিনেতা জীতু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩২ এএম | ১৯ মার্চ, ২০২৬
টালিউডে নতুন বিতর্কের কেন্দ্রবিন্দুতে এখন ‘এরাও মানুষ’ সিনেমা। কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে এই ছবি ঘিরে চলছে তুমুল আলোচনা-সমালোচনা। সেই বিতর্ক এবার গড়াল আইনি পথে। সিনেমার নির্মাতা সাঁই প্রকাশ লাহিড়ীর বিরুদ্ধে মানহানির নোটিশ পাঠিয়েছেন অভিনেতা জীতু।

ঘটনার সূত্রপাত মঙ্গলবার। পরিচালক সাঁই প্রকাশ লাহিড়ী অভিযোগ করেন, শুটিং চলাকালে তার সঙ্গে এবং ইউনিটের সদস্যদের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন জীতু। অভিযোগটি সামনে আসার পরই চুপ থাকেননি অভিনেতা। একের পর এক ভিডিও প্রকাশ করে নিজের অবস্থান পরিষ্কার করেন তিনি। সেখানে দেখা যায়, সহকর্মীদের সঙ্গে স্বাভাবিক ও আন্তরিক সম্পর্কেই কাজ করছেন তিনি।



এবার সেই অভিযোগের জবাব আইনি পথে দিলেন জীতু। তার আইনজীবী অয়ন চক্রবর্তী জানিয়েছেন, পরিচালকের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে মানহানির নোটিশ পাঠানো হয়েছে। শুটিং ফ্লোরে অশালীন আচরণ, হেনস্তা এবং মিথ্যা অভিযোগ সবকিছুই উল্লেখ করা হয়েছে ওই নোটিশে।

শুধু আইনি পদক্ষেপই নয়, বিষয়টি নিয়ে ফেডারেশনেও লিখিত অভিযোগ দিয়েছেন অভিনেতা। পুরো ঘটনায় নিজের অবস্থান নিয়ে বেশ দৃঢ় জীতু। তার কথায়, পারিশ্রমিকের চেয়ে সম্মানই বড়। সম্মান পেলে বিনা পারিশ্রমিকেও কাজ করা সম্ভব এমন উদাহরণও টেনেছেন তিনি। জীতু বলেন, পরিচালক বলছেন আমি স্পটবয়দের সঙ্গে খারাপ ব্যবহার করেছি। একজন টেকনিশিয়ানও যদি আমার বিরুদ্ধে অভিযোগ করেন, আমি ইন্ডাস্ট্রি ছেড়ে দেব। বারবার অভিনেতাদের সফট টার্গেট করা হয় এটা বন্ধ হওয়া দরকার।

এদিকে, অভিনেতার পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছেন, জীতুর নিষ্ঠা ও পরিশ্রম ছাড়া ‘চোর’ সিনেমার শুটিং এত অল্প সময়ে শেষ করা সম্ভব ছিল না। সব মিলিয়ে, ‘এরাও মানুষ’ সিনেমাকে ঘিরে তৈরি হওয়া এই দ্বন্দ্ব এখন টালিউডের অন্যতম আলোচিত ইস্যু। এখন দেখার বিষয় এই আইনি লড়াই শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়।

কেএন/এসএন

মন্তব্য করুন