© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানে অবস্থিত বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাসক্ষেত্রে ইসরায়েলের হামলা, কাতারের নিন্দা

শেয়ার করুন:
ইরানে অবস্থিত বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাসক্ষেত্রে ইসরায়েলের হামলা, কাতারের নিন্দা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪২ এএম | ১৯ মার্চ, ২০২৬
ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রের একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফারস নিউজ এক টেলিগ্রাম বার্তায় জানায়, বুধবার ভোরের হামলায় স্থাপনাটিতে আগুন ধরে গেছে এবং উদ্ধারকারী ও ফায়ার সার্ভিস কর্মীরা বর্তমানে ঘটনাস্থলে রয়েছেন।

ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রের একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে কাতার।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেন, ‘ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রের সঙ্গে যুক্ত স্থাপনাতে ইসরায়েলের এ হামলা এই অঞ্চলের বর্তমান সামরিক উত্তেজনার মধ্যে একটি বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ।’ গ্যাসক্ষেত্রটি কাতারের নর্থ ফিল্ডের একটি বর্ধিত অংশ বলে জানান তিনি।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সতর্ক করে বলেন, ‘জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা বিশ্ব জ্বালানি নিরাপত্তার পাশাপাশি এই অঞ্চলের জনগণ এবং পরিবেশের জন্যও একটি বড় হুমকি।’

তিনি আরও বলেন, ‘গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা থেকে বিরত থাকা জরুরি। এই বিষয়ের ওপর আমরা বারবার জোর দিয়েছি। এখন সেই আহ্বান পুনর্ব্যক্ত করছি। আমরা সকল পক্ষকে সংযম প্রদর্শন, আন্তর্জাতিক আইন মেনে চলা এবং অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে উত্তেজনা কমাতে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি।’

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফারস নিউজ জানায়, আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এ পর্যন্ত হতাহতের বিষয়ে কিছু জানা যায়নি।

উল্লেখ্য, ইরানের সাউথ পার্স বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাসক্ষেত্র। যেখানে ইরান ও কাতার উভয় দেশের গ্যাস উত্তোলন-বিষয়ক স্থাপনা রয়েছে।

সূত্র: আল-জাজিরা

মন্তব্য করুন